• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

‘ভাত চুরির’ অপবাদে হত্যা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

newsline24 / ৫২ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
‘ভাত চুরির’ অপবাদে হত্যা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার
‘ভাত চুরির’ অপবাদে হত্যা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

খুলনার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে ‘ভাত চুরির’ অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার মামলায় অন্যতম আসামি হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা আদাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। তিনি সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি রিফাত ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর খুলনা ও বরিশাল র‍্যাবের যৌথ একটি দল পিরোজপুরের নেছারাবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত আজমুল হোসেন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশের একটি ছাত্রাবাসে আজমুল হোসেনকে ‘ভাত চুরির’ অপবাদ দেওয়া হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর ১৮ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পেছনে ইসলামনগর রোডের একটি ছাত্রাবাসের গলি থেকে আজমুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরবর্তী সময়ে হত্যা মামলা করা হয়। মামলায় রিফাতকে অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ভূমিকা ও ঘটনার বিস্তারিত কারণ আরও স্পষ্ট হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category