দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে মন্ত্রিপরিষদ পুনর্গঠন ও সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ৩০ অক্টোবরের গণবিক্ষোভ সামনে রেখে লিফলেট বিতরণ শুরুর আগে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। কারওয়ান বাজারে সয়াবিন তেল লিটারপ্রতি ২০০ থেকে ২১০ টাকা, টমেটো কেজিপ্রতি ১৬০ থেকে ২০০ টাকা এবং এক ডজন ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি। জ্বালানি খাতেও সরকারের কার্যকর পরিকল্পনা নেই বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।
নাহিদ ইসলামের অভিযোগ, গত সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট দুই মন্ত্রীর পদত্যাগ এবং তাঁদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। পাশাপাশি সাইবার আইনসহ কর্তৃত্ববাদী বলে বিবেচিত আইন বাতিল এবং জুলাই গণহত্যা, গুম-খুনের বিচার কার্যকর করার দাবি জানান তিনি।
আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ করবে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, ঢাকা মহানগরের কর্মসূচি শেষে দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ আয়োজন করা হবে।
এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।