• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

দুই ঘণ্টার বিদ্যুতে ক্ষুব্ধ গ্রামবাসীর অভিনব প্রতিবাদ

newsline24 / ৮ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
দুই ঘণ্টার বিদ্যুতে ক্ষুব্ধ গ্রামবাসীর অভিনব প্রতিবাদ
দুই ঘণ্টার বিদ্যুতে ক্ষুব্ধ গ্রামবাসীর অভিনব প্রতিবাদ

ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলায় দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে ক্ষোভ প্রকাশ করতে অভিনব প্রতিবাদ করেছেন স্থানীয় বাসিন্দারা। টানা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে শুক্রবার (২৯ আগস্ট) রাতে তাঁরা কাটরা বাজার বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়ে এক বিদ্যুৎ কর্মকর্তাকে ঘিরে ধরেন। সঙ্গে ছিল হিন্দু ধর্মীয় গ্রন্থ ‘হনুমান চালিসা’। তাঁদের দাবি ছিল, ওই গ্রন্থ হাতে নিয়ে শপথ করে কর্মকর্তাকে বলতে হবে—২৪ ঘণ্টার মধ্যে তাঁদের এলাকায় আসলে কত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়।

রাত সাড়ে আটটার দিকে বিক্ষুব্ধ গ্রামবাসীরা উপকেন্দ্রে পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাঁরা বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী (জেইউ) আদর্শ কুমার ওঝাকে ঘিরে নানা প্রশ্ন করছেন। কয়েকজন পুরো ঘটনার ভিডিও ধারণ করছিলেন। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না পাওয়ার অভিযোগ জানিয়ে তাঁরা সরবরাহ পরিস্থিতির ব্যাখ্যাও দাবি করেন।

গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ উপকেন্দ্রে সরবরাহ থাকার পরও তাঁদের ফিডারে ইচ্ছাকৃতভাবে সংযোগ বন্ধ রাখা হচ্ছিল। তাঁদের দাবি, প্রায় ছয় মাস ধরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দিনে গড়ে দুই ঘণ্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন তাঁরা। ফলে গৃহস্থালি কাজের পাশাপাশি স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাপন ও দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

তবে গ্রামবাসীদের অভিযোগের বিপরীতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভের সময় সরকারি কাজে বাধা এবং কর্মীদের সঙ্গে অসদাচরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর উপসহকারী প্রকৌশলী আদর্শ কুমার ওঝা প্রায় এক ডজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি দাবি করেন, বিক্ষোভকারীরা সরকারি কাজে বাধা দিয়েছেন, বিদ্যুৎ বিভাগের নথিপত্র নষ্ট করেছেন এবং কর্মীদের গালিগালাজ করেছেন। এমনকি কয়েকজন বিদ্যুৎকর্মীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কাটরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) মনোজ পাঠক জানান, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কর্মকর্তাদের জেরা করার একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগও পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটের পেছনে অবকাঠামোগত সমস্যাও রয়েছে বলে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বিধায়ক বাবন সিং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে তিনি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে অপেক্ষমাণ ৫ এমভিএ ক্ষমতার একটি ট্রান্সফরমার দ্রুত চালুর বিষয়টি গুরুত্ব পায়। বিধায়ক আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ট্রান্সফরমারটি চালু করার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়েছেন।

ফলে একদিকে দীর্ঘদিনের লোডশেডিং নিয়ে স্থানীয় মানুষের ক্ষোভ, অন্যদিকে সেই ক্ষোভের জেরে সরকারি কর্মকর্তার করা অভিযোগ—দুই দিক মিলিয়ে ঘটনাটি এখন স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতির কতটা উন্নতি হয় এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা অভিযোগের তদন্তে কী পাওয়া যায়, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category