• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

ইউরোপে নতুন টি-টোয়েন্টি লিগে তারার মেলা

newsline24 / ২ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ইউরোপে নতুন টি-টোয়েন্টি লিগে তারার মেলা
ইউরোপে নতুন টি-টোয়েন্টি লিগে তারার মেলা

টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বব্যাপী বিস্তারের ধারায় এবার যুক্ত হচ্ছে ইউরোপের নতুন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা—ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ। আজ শুরু হতে যাওয়া এই আসরে খেলবেন বিশ্ব ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত তারকা। ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, স্টিভ স্মিথ ও হাইনরিখ ক্লাসেনদের উপস্থিতিতে প্রথম আসরেই আলোচনায় এসেছে লিগটি।

নতুন এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ছয়টি ফ্র্যাঞ্চাইজি। ইউরোপের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগের পরিসর বাড়ানোর পাশাপাশি স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে আন্তর্জাতিক তারকাদের খেলার সুযোগ তৈরি করাও এই আয়োজনের অন্যতম দিক।

আজ উদ্বোধনী ম্যাচ

লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রটারডাম ডকার্স ও আমস্টারডাম ফ্লেমস। নেদারল্যান্ডসের ভুরবার্গের স্পোর্টপার্ক ডুইভেস্টেইনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে।

প্রথম পর্বের বেশির ভাগ ম্যাচ নেদারল্যান্ডসেই হবে। পরে প্রতিযোগিতার শেষ দিকে আয়ারল্যান্ডে চলে যাবে আসরটি।

৬ দল, ৩২ ম্যাচ

ছয় দলের এই প্রতিযোগিতা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ৩২টি ম্যাচের মধ্যে লিগ পর্বে হবে ৩০টি ম্যাচ। লিগ পর্ব শেষে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার। পরদিন ২০ সেপ্টেম্বর হবে ফাইনাল।

লিগ পর্বের প্রথম ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভুরবার্গে। এরপর বাকি লিগ ম্যাচ, কোয়ালিফায়ার এবং ফাইনাল হবে আয়ারল্যান্ডের ডাবলিনের মালাহাইডে।

লিগ পর্বে প্রতিটি দল অন্য পাঁচ দলের বিপক্ষে দুবার করে খেলবে। ফলে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি খেলবে ১০টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ দল সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা দল খেলবে কোয়ালিফায়ার। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে শীর্ষ দলের মুখোমুখি হবে।

কোন দলে কে

নেদারল্যান্ডস থেকে টুর্নামেন্টে অংশ নিচ্ছে আমস্টারডাম ফ্লেমস ও রটারডাম ডকার্স। আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করবে ডাবলিন গার্ডিয়ানস ও বেলফাস্ট উলভস। স্কটল্যান্ডের দুই দল হলো এডিনবরা ক্যাসল রকার্স ও গ্লাসগো কসমিক।

আমস্টারডাম ফ্লেমস: নেতৃত্ব দেবেন নেদারল্যান্ডসের উইকেটকিপার ব্যাটসম্যান স্কট এডওয়ার্ডস। তাঁর দলের বড় নামগুলোর মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও টিম ডেভিড এবং ভারতের অজিঙ্কা রাহানে।

রটারডাম ডকার্স: দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির নেতৃত্বে খেলবে দলটি। স্কোয়াডে রয়েছেন হাইনরিখ ক্লাসেন, আনরিখ নরকিয়া ও ডেভিড ভিসা।

বেলফাস্ট উলভস: অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এই দলের অধিনায়ক। তাঁর সতীর্থ হিসেবে আছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং ইংল্যান্ডের ক্রিস জর্ডান।

ডাবলিন গার্ডিয়ানস: ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে খেলবে ডাবলিন। দলে আছেন ইংল্যান্ডের জেমস ভিন্স, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, আয়ারল্যান্ডের জশ লিটল এবং ভারতের বিজয় শঙ্কর।

ডাবলিন গার্ডিয়ানসের সঙ্গে ভারতের ক্রিকেটের সম্পর্ক শুধু মাঠের খেলোয়াড়েই সীমাবদ্ধ নয়। দলের সহমালিকদের একজন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। কোচিং স্টাফে আছেন ভারতের সাবেক ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

এডিনবরা ক্যাসল রকার্স: নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার নেতৃত্ব দেবেন দলটিকে। তাঁর সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ইংল্যান্ডের টম কারান ও লরি ইভান্স এবং স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন।

গ্লাসগো কসমিক: স্কটল্যান্ডের জর্জ মানসি এই দলের অধিনায়ক। স্কোয়াডে রয়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও জেসন রয়, নিউজিল্যান্ডের জিমি নিশাম, দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি।

ইউরোপের ক্রিকেটে নতুন পরীক্ষা

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের প্রথম আসরের সবচেয়ে বড় আকর্ষণ আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি। টি-টোয়েন্টির জনপ্রিয় মুখগুলো ইউরোপের বিভিন্ন দলের স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে একই প্রতিযোগিতায় খেলবেন। এতে দর্শকদের আগ্রহ বাড়ার পাশাপাশি ইউরোপের সহযোগী ক্রিকেট দেশগুলোর খেলোয়াড়দের জন্যও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।

ছয় দলের এই প্রতিযোগিতায় একই সঙ্গে তিনটি দেশের ক্রিকেট কাঠামো যুক্ত হয়েছে। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড—তিন দেশের ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে গড়ে ওঠা এই আয়োজন তাই প্রচলিত কোনো একদেশভিত্তিক টি-টোয়েন্টি লিগের চেয়ে কিছুটা আলাদা।

প্রথম ম্যাচ থেকেই তাই নজর থাকবে শুধু ফলাফলের দিকে নয়, নতুন এই লিগ ইউরোপের ক্রিকেটে কতটা দর্শক আগ্রহ তৈরি করতে পারে, সেটির দিকেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category