আফসার উদ্দিন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ও মামলার বাদী। ফোনালাপের অডিওতে হুমকিদাতাকে বলতে শোনা যায়, ‘কালকের দিন সময় দিলাম, তোর বাপের সাথে কথা বলে ঝামেলা শেষ করতে বল। না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বাদীর সঙ্গে তাঁর কথা হয়েছে। হুমকির ফোনালাপের অডিও পাওয়া গেছে। সেটি যাচাই করা হচ্ছে এবং বিষয়টি মামলার তদন্তের আওতায় নেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। অভিযোগ, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোক পরিচয় দিয়ে জানায়, এখন থেকে জমির ভাড়া ইমনকে দিতে হবে। হামলার সময় কয়েক লাখ টাকার পণ্য ও সিসিটিভি ক্যামেরা নিয়ে যাওয়া হয়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে জমিটি ভাড়া নেওয়া হয়েছিল। হামলার ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত সাইফুল ও জুয়েল এখনো গ্রেপ্তার হননি বলে সংশ্লিষ্টদের ভাষ্য।
মামলার বাদীকে হুমকি দেওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ অডিও যাচাই করে হুমকিদাতাকে শনাক্ত করার চেষ্টা করছে।