শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজারসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার থেকে পাঠাননগর বাজারে যাওয়ার জন্য আবদুল হকের অটোরিকশা ভাড়া করে। পথে নির্জন সড়কে পৌঁছালে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
পরে পথচারীদের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত ছিল। যাত্রীবেশে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
নিহত আবদুল হক উপজেলার মাটিয়াগোদা গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আবদুল কাইয়ুম জানান, বিভিন্ন সমিতি থেকে কিস্তিতে ঋণ নিয়ে কয়েক মাস আগে অটোরিকশাটি কিনেছিলেন আবদুল হক। সেটি চালিয়েই তিনি পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে।