শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের জন্য রাজপথে আন্দোলনে নামার প্রয়োজন হবে না বলে আশ্বস্ত করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব এবং শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে পূরণের উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে নবগঠিত সংগঠন ‘প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (পিট্যাব)-এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ অপু বলেন, প্রাথমিক শিক্ষকদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আলোচনার মাধ্যমে ধাপে ধাপে এসব দাবি পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষকদের দাবি আদায়ের ক্ষেত্রে সংঘাত বা রাজপথের কর্মসূচির পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষকদের জাতির অভিভাবক হিসেবে উল্লেখ করে অপু বলেন, একজন মানুষের জীবনে শিক্ষকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। অভিভাবকেরা দিনের বড় একটি সময় সন্তানদের বিদ্যালয়ে রেখে যান। সেখানে শিক্ষকরা পাঠদানের পাশাপাশি ভালোবাসা, স্নেহ ও যত্ন দিয়ে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। এ কারণেই শিক্ষকদের জাতির অভিভাবক বলা হয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের যে সম্মান ও মর্যাদার চোখে দেখেন, সেই অবস্থান ধরে রাখতে হবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিগত সরকারের সমালোচনা করে হুইপ অপু দাবি করেন, আগের সময়ে দেশের শিক্ষাব্যবস্থা প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারেনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বেশি হওয়ার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা কমে যাওয়ার প্রবণতাও চিন্তার বিষয়। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষকদের নিজস্ব দক্ষতা, অভিজ্ঞতা ও কৌশল কাজে লাগিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হারানো সুনাম ফিরিয়ে আনতে হবে।
প্রাথমিক শিক্ষার গৌরব পুনরুদ্ধারে শিক্ষকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী প্রজন্মের শিক্ষা, নৈতিকতা ও যোগ্যতা অনেকাংশেই শিক্ষকদের ওপর নির্ভরশীল। তাই শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা বিকাশেও গুরুত্ব দিতে হবে।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি বলেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষকরা সেই মেরুদণ্ডের অন্যতম প্রধান শক্তি। অথচ শিক্ষকদের সামাজিক মর্যাদা, আর্থিক সচ্ছলতা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা না গেলে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা কঠিন হবে।
শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল প্রণয়ন, নিয়মিত ও পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা এবং গবেষণামূলক কাজে উৎসাহ দেওয়ার দাবি জানান তিনি। তাঁর মতে, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাঁদের কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রয়োজনীয় কর্তৃত্ব ও সামাজিক সম্মান প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রাথমিক বিদ্যালয়ের দৈনিক ক্লাসের সময়সূচি নিয়েও বক্তব্য দেন সেলিম ভূঁইয়া। তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস চালু রাখা ছোট শিশুদের জন্য বেশ কষ্টকর। দীর্ঘ সময় বিদ্যালয়ে অবস্থান করতে গিয়ে অনেক শিক্ষার্থী আগ্রহ হারায়। বিশেষ করে শীতকালে সকালে বিদ্যালয়ে আসার ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা অসুবিধা হয়। এ বিবেচনায় প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান তালুদার খোকন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ শুধু বক্তব্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, ব্যক্তিগত ও পেশাগত আচরণেও তার প্রতিফলন থাকতে হবে। বিএনপির নেতা বা কর্মী পরিচয় দিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা কিংবা দায়িত্বে অবহেলা করার কোনো সুযোগ নেই। এ ধরনের আচরণ করলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য থাকবে না। এতে সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতিতে এসেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষকদের কেবল বেতনভুক্ত চাকরিজীবী হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়ে সেলিম বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থীর চিন্তাভাবনা, নৈতিকতা ও ভবিষ্যৎ জীবনে শিক্ষকের প্রভাব দীর্ঘস্থায়ী হয়। তাই তাঁদের অবহেলা করার সুযোগ নেই। শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে শিক্ষার্থীদের আদর্শবান, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে পিট্যাবের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. শাজাহান সভাপতিত্ব করেন। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রাথমিক শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন এবং নিজেদের দাবি, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শিক্ষকদের পেশাগত মর্যাদা, আর্থিক সুযোগ-সুবিধা, চাকরির নিরাপত্তা, প্রশিক্ষণ এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় সম্মেলনে গুরুত্ব পায়।
শিক্ষকদের দাবি আলোচনার মাধ্যমে পূরণের বিষয়ে হুইপের আশ্বাস সম্মেলনে উপস্থিত শিক্ষক প্রতিনিধিদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে এসেছে। তবে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ, নির্দিষ্ট পরিকল্পনা ও সময়োপযোগী সিদ্ধান্ত কতটা দ্রুত আসে, সেটিই এখন শিক্ষকদের আগ্রহের বিষয়।