• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
১৪ বছরের বঞ্চনার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯৮৮ জনের বিক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে বসানো হলো দুটি স্টেন্ট, সফল অস্ত্রোপচার স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, মাদক ঠেকাতে সীমান্তে ১০৮ কিমি বেড়া গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংস মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগ চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি, পুলিশের চার কর্মকর্তার পদায়ন গোপালগঞ্জের এসপি ফেনীতে, ফেনীর এসপি গেলেন গোপালগঞ্জে রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীরের চার দিনের রিমান্ড লগি-বৈঠার মিছিলে উত্তাল গোপালগঞ্জ, প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙচুর প্রধানমন্ত্রীর ছবি দুই সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

হরমুজে ছয় মাসে ২৫ নাবিকের প্রাণহানি, বাড়ছে নৌঝুঁকি

newsline24 / ২৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
হরমুজে ছয় মাসে ২৫ নাবিকের প্রাণহানি, বাড়ছে নৌঝুঁকি
হরমুজে ছয় মাসে ২৫ নাবিকের প্রাণহানি, বাড়ছে নৌঝুঁকি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ও আশপাশের সামুদ্রিক এলাকায় ভয়াবহ নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। গত ছয় মাসে এসব এলাকায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। একই সময়ে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা, নৌমাইনের ঝুঁকি এবং নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন ঘটনায় আন্তর্জাতিক নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত হরমুজ প্রণালিতে স্বাভাবিক ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। তিনি জানান, চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি ও আশপাশের সামুদ্রিক এলাকায় অন্তত ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন।

খালেদ খিয়ারি বলেন, অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। গত অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। এ ধরনের পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক বাস্তবতা হিসেবে মেনে নেওয়া যায় না। হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় অবাধ, নিরাপদ এবং স্বাভাবিক নৌ চলাচল পুরোপুরি পুনরুদ্ধার করা জরুরি।

জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) পরিসংখ্যান অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি এবং মধ্যপ্রাচ্যের বিস্তৃত জলসীমায় জাহাজকেন্দ্রিক মোট ১৩৬টি নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই ঘটেছে ৩৫টি। নভেম্বরের প্রথম ১১ দিনে আরও ১০টি ঘটনার তথ্য পাওয়া গেছে।

খালেদ খিয়ারি জানান, প্রতিদিনই নতুন নতুন সামুদ্রিক ঘটনার খবর আসছে। বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানকে কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা সব পক্ষের দায়িত্ব।

জাতিসংঘের এই সতর্কবার্তার মধ্যেই শনিবার ইরানি কর্তৃপক্ষ জানায়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রিত এলাকায় চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়েছে। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ চলাকালে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য দেশটির অনুমতি নিতে হবে। নির্ধারিত নিয়ম অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানি নৌবাহিনী। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, প্রণালির পূর্ব দিকে নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী ট্যাংকারকে নৌমাইনের মাধ্যমে আগুনে পুড়িয়ে দেওয়া হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, তারা হরমুজ প্রণালির প্রধান নৌপথ থেকে মাইন অপসারণ করেছে। ফলে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথটি উন্মুক্ত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের পরও আন্তর্জাতিক জাহাজ চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে। নিরাপত্তাঝুঁকি, হামলার আশঙ্কা এবং সম্ভাব্য নৌমাইনের উপস্থিতির কারণে অনেক জাহাজ চলাচল সীমিত করেছে বা বিকল্প পথ ব্যবহারের কথা বিবেচনা করছে।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির বড় অংশ এই জলপথের ওপর নির্ভরশীল। ফলে এখানে দীর্ঘদিন অচলাবস্থা থাকলে শুধু সংশ্লিষ্ট দেশগুলো নয়, বিশ্বের জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে না। এসব দাবির মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।

এ অবস্থায় হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। নৌপথটি দীর্ঘ সময় বাধাগ্রস্ত থাকলে জ্বালানি পরিবহনের পাশাপাশি অন্যান্য পণ্য আমদানি-রপ্তানিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

খালেদ খিয়ারি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সামুদ্রিক পরিস্থিতি ক্রমেই ব্যয়বহুল, অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। নৌ চলাচলে বিঘ্নের কারণে জাহাজ পরিচালনা, জ্বালানি পরিবহন এবং বিমা খরচ বাড়ছে। এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বিভিন্ন পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।

বিশেষ করে সার পরিবহন ব্যাহত হওয়ায় বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার সময়মতো বিভিন্ন দেশে পৌঁছাতে না পারলে কৃষি খাতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা সংকট এখন আর কেবল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সমস্যা নয়; এর প্রভাব বিশ্ববাজার, জ্বালানি সরবরাহ এবং খাদ্যনিরাপত্তা পর্যন্ত বিস্তৃত হচ্ছে।

এ পরিস্থিতিতে বেসামরিক নৌযানের নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক হামলা বন্ধ করা এবং আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করার বিষয়টি জরুরি হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category