মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী বেসামরিক অবকাঠামোয় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের হামলা গুরুতর উসকানিমূলক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এক বিবৃতিতে জানান, গত ২৯ সেপ্টেম্বর মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালানো হয়। গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎকেন্দ্র থেকেই মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।
বিবৃতিতে বেসামরিক অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করার ঘটনাকে নিন্দনীয় হিসেবে উল্লেখ করা হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু বেসামরিক স্থাপনার নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে না, বরং পবিত্র স্থান, মুসল্লি ও তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করে।
তিনি বলেন, সব পরিস্থিতিতে পবিত্র দুই মসজিদের মর্যাদা ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানো জরুরি। একই সঙ্গে মুসল্লি ও তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সাজ্জাদ হায়দার খান হামলার মতো ‘বেপরোয়া কর্মকাণ্ড’ অবিলম্বে ও নিঃশর্তভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন। তার ভাষ্য, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে এবং উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
বিবৃতিতে সৌদি আরবের প্রতি পাকিস্তানের অবিচল সংহতির কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে। দেশটি সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুই পবিত্র মসজিদের নিরাপত্তা, সৌদি জনগণের সুরক্ষা এবং তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেওয়া উদ্যোগের পাশে থাকবে পাকিস্তান। পাশাপাশি অঞ্চলটিতে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানিয়েছে ইসলামাবাদ।