• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

‘হাসিনা আসুক, এটা আমরা চাই’: নিতাই রায়

newsline24 / ১১ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
‘হাসিনা আসুক, এটা আমরা চাই’ নিতাই রায়
‘হাসিনা আসুক, এটা আমরা চাই’ নিতাই রায়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘হাসিনা আসুক, এটা আমরা চাই।’ তাকে দেশে ফেরাতে প্রত্যর্পণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

নিতাই রায় চৌধুরী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি মামলায় ফাঁসির রায় হয়েছে এবং আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তিনি দেশে ফিরলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে দেশের গত ১৮ বছরের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন নিতাই রায়। তার দাবি, ওই সময়ে দেশ ‘অন্ধকারে নিমজ্জিত’ ছিল এবং আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাংক লুটপাটের অর্থ নিয়ে ভারতে পালিয়ে গেছেন বলেও দাবি করেন তিনি।

বিএনপির প্রসঙ্গে নিতাই রায় বলেন, ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের মুখেও দলটির নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যাননি। তার ভাষায়, ‘বিএনপি কখনও পালায়নি, বিএনপি পালাবার দল নয়।’ দলটি রাজপথে প্রস্তুত রয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।

মাগুরায় আয়োজিত কাবাডি চ্যাম্পিয়নশিপটি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে এর আগে জেলার বিভিন্ন উপজেলায়ও কাবাডি আয়োজনের খবর পাওয়া গেছে।

শুক্রবারের অনুষ্ঠানে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আলী আহমেদ এবং মাগুরা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ অন্যরা।

এর আগে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের লক্ষ্য তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত করা, সামাজিক সম্প্রীতি বাড়ানো এবং মাদক ও অপরাধ থেকে তাদের দূরে রাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category