ভোলার মেঘনা নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ড্রেজার ও বাল্কহেডের মালিকদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে বিশেষ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল ওই অভিযানে অংশ নেয়। এ সময় নদীর ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অবস্থায় চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রুবেল, রিপন, নোমান মিয়া, ইয়ামিন, মো. আব্বাস, পরশ মনি হাওলাদার, সুমন হাওদার ও মো. খলিল। তাঁদের বাড়ি ভোলা ও বরিশালের বিভিন্ন উপজেলায়।
অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের দুই লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে সাতজন বালু উত্তোলনকারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আটক আটজনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। অন্যদের বিরুদ্ধে আদালতের দেওয়া সাজা কার্যকর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।