• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

যুক্তরাজ্যে নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টে

newsline24 / ৩০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
যুক্তরাজ্যে নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টে
যুক্তরাজ্যে নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। সফরকালে তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন। আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং মানবাধিকার সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের বিমানবন্দরে অবতরণ করেন নাহিদ ইসলাম। এর আগে শুক্রবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেন তিনি।

লন্ডনের বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের যুক্তরাজ্য শাখার নেতারা এবং প্রবাসী বাংলাদেশিরা তাঁকে স্বাগত জানান। এ সময় দলের নেতাকর্মী ও প্রবাসীদের মধ্যে তাঁকে ঘিরে আগ্রহ দেখা যায়। সফরে নাহিদ ইসলামের সঙ্গে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা এবং উন্নয়ন প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, মানবাধিকার পরিস্থিতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরবেন তিনি।

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের সঙ্গে এ ধরনের যোগাযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্গঠন, নাগরিক অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের মতো বিষয়গুলোতে আন্তর্জাতিক সংস্থাগুলোর অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ আলোচনায় স্থান পেতে পারে।

যুক্তরাজ্য সফরে একাডেমিক পরিসরেও বক্তব্য দেবেন এনসিপি আহ্বায়ক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। সেখানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা, আন্দোলনের ঘটনাপ্রবাহ এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি ও সমাজে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা তুলে ধরবেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানের পটভূমি, তরুণদের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়েও আলোচনা হতে পারে।

সফরের আরেকটি উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা। আগামী ১৬ নভেম্বর নাহিদ ইসলামকে এ সংবর্ধনা দেওয়া হবে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে তাঁদের ভাবনা শোনারও সুযোগ তৈরি হবে এ আয়োজনের মধ্য দিয়ে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় আসে তরুণ নেতৃত্ব ও রাষ্ট্র সংস্কারের দাবি। সেই প্রেক্ষাপটে নাহিদ ইসলামের এই সফরে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং মানবাধিকার-সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর নাহিদ ইসলামের দেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category