খুলনার চার থানায় বিশেষ অভিযান চলার মধ্যে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে রাতের বেলা একাকী চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা বিবেচনায় নিয়ে এ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) খুলনা পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে এ নির্দেশনা জারি করা হয়। এতে জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলমান থাকার কথা উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এ পরিস্থিতিতে বিশেষ অভিযানসহ পুলিশের অন্যান্য দায়িত্ব পালনের সময় সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দায়িত্ব পালনের পাশাপাশি নিজ নিজ নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকতে হবে তাঁদের।
এতে রাতের বেলা একাকী চলাচল না করার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা যাতে ঝুঁকি এড়িয়ে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
খুলনা পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা থেকে জারি করা নির্দেশনায় সংশ্লিষ্ট চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনাটি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় পুলিশ সদস্যদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
নির্দেশনার স্মারক নম্বর ৫০৬২। তবে কোন কোন সুনির্দিষ্ট হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে নির্দেশনায় বিস্তারিত উল্লেখ করা হয়নি।
চার থানায় বিশেষ অভিযান চলমান থাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্কতা বাড়ানোর পাশাপাশি রাতে একাকী চলাচল এড়িয়ে চলার নির্দেশনাকে পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।