দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তাগত নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান একমাত্র তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যেই নিহিত। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সমন্বিত ও কার্যকর উদ্যোগ নিতে হবে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি নথিতে রোহিঙ্গাদের যে সংখ্যা উল্লেখ রয়েছে, বাস্তবে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা তার চেয়ে বেশি। বর্তমানে দেশে ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘ সময় ধরে এত বিপুলসংখ্যক বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে আশ্রয় ও মানবিক সহায়তা দিতে গিয়ে বাংলাদেশের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটকে কেবল মানবিক সহায়তার বিষয় হিসেবে না দেখে এর স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি তাদের নিজ দেশে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। মিয়ানমারে তাদের জীবনের নিরাপত্তা, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত না হলে টেকসই প্রত্যাবাসন সম্ভব নয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণার বিষয়টিও আলোচনায় আসে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই রায়ের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আরও বেড়ে যাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করতে বিশ্ব সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রোহিঙ্গা সংকটের সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি। বিশেষ করে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক চাপ সৃষ্টি করা গেলে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে অগ্রগতি সম্ভব হতে পারে।
অন্যদিকে, বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি। দীর্ঘদিন ধরে নিজ দেশ থেকে বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয়, নিরাপত্তা ও মানবিক সেবা দেওয়ার জন্য তিনি বাংলাদেশের প্রশংসা করেন।
কেলি ই. কারি জানান, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে জাতিসংঘ এবং সহযোগী সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা এবং সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও তিনি আশ্বস্ত করেন।
বৈঠকে সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ দমনের বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে মাদক পাচার, অবৈধ অস্ত্রের বিস্তার ও উদ্ধার এবং সাইবার অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এসব অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ায় বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রমের ওপর চাপ বাড়ছে। একই সঙ্গে ক্যাম্পকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা এখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
সৌজন্য সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।