শুধু পরীক্ষায় ভালো ফল কিংবা উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই একজন মানুষ প্রকৃত শিক্ষিত হয়ে ওঠেন না। শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, প্রকৃত শিক্ষা মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে, দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে। যে শিক্ষা মানুষের হৃদয়ে আনন্দ সৃষ্টি করতে পারে না, সেই শিক্ষা পূর্ণতা পায় না। শিক্ষার মূল উদ্দেশ্য কেবল চাকরি পাওয়া কিংবা অর্থ উপার্জনের যোগ্যতা অর্জন নয়; বরং একজন বিবেকবান, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, নবাগত ছাত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করা। এই ভিশন মানুষকে প্রচলিত দৃষ্টিসীমার বাইরে গিয়ে চিন্তা করতে শেখায়। সাধারণভাবে যা চোখে পড়ে, তার বাইরেও অনেক কিছু উপলব্ধি করার ক্ষমতা তৈরি করে প্রকৃত শিক্ষা।
তিনি বলেন, কর্মজীবনে প্রবেশ, চাকরি পাওয়া এবং আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ডিগ্রির প্রয়োজন রয়েছে। তবে শুধু সনদ অর্জনের মধ্যে শিক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ রাখলে চলবে না। একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করতে হবে। শিক্ষার্থীদের মনে শেখার আগ্রহ ও আনন্দ তৈরি করাই হওয়া উচিত শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য।
শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাবের বিষয়ে রিজভী বলেন, ছাত্রজীবনে ভালো করার জন্য কিছুটা জেদ বা ‘ইগো’ থাকা অস্বাভাবিক নয়। বরং লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এটি কখনো কখনো অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। তবে সেই মনোভাবকে স্থায়ী করে রাখা উচিত নয়। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের পর জেদকে নিয়ন্ত্রণ করে আত্মসম্মানবোধ বা ‘সেলফ-রেসপেক্ট’ গড়ে তুলতে হবে। নিজের যোগ্যতা ও অবস্থান সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি অন্যের প্রতিও সম্মান দেখানো জরুরি।
নিজের বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিচারণ করে বিএনপির এই নেতা বলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থী থাকাকালে নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেই সময়ের স্মৃতি এখনো তাঁর মনে উজ্জ্বল হয়ে আছে। সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থা ও পরিবেশে পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিভিন্ন আয়োজনের ধারাবাহিকতা বজায় রয়েছে।
শিক্ষার্থীদের পাঠদানে আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন রিজভী। তাঁর মতে, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের বিষয়বস্তু শেখালেই দায়িত্ব শেষ হয় না। এমনভাবে পাঠদান করতে হবে, যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশ নিতে আগ্রহী হয় এবং নতুন কিছু জানার প্রতি কৌতূহল তৈরি করে। শিক্ষকদের পাঠদানের পদ্ধতি শিক্ষার্থীদের মনোযোগ ও শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তব্যে তিনি দার্শনিক মাওলানা জালালউদ্দিন রুমির ভাবনার প্রসঙ্গও তুলে ধরেন। রিজভী বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে রয়েছে। যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে সেই সম্ভাবনাকে বিকশিত করতে হয়। সঠিক দিকনির্দেশনা পেলে একজন শিক্ষার্থী নিজের সামর্থ্য আবিষ্কার করতে পারে এবং জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথ তৈরি করতে পারে।
অনুষ্ঠানে নবাগত ছাত্রীদের উদ্দেশে তাঁর বক্তব্যের মূল বার্তা ছিল—শিক্ষার সাফল্য শুধু পরীক্ষার ফলাফল বা সনদে পরিমাপ করা যায় না। একজন শিক্ষার্থী কতটা মানবিক, যুক্তিবাদী, বিবেকবান ও দায়িত্বশীল হয়ে উঠতে পারছেন, সেটিও প্রকৃত শিক্ষার গুরুত্বপূর্ণ মাপকাঠি। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আত্মসম্মান, মনুষ্যত্ব ও সৃজনশীল চিন্তার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।