দেশের চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দায়িত্ব পেলে এই সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন আসিফ মাহমুদ। সেখানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বকে ইংরেজিতে ‘হোম মিনিস্ট্রি’ উল্লেখ করে মাত্র দুই সপ্তাহের জন্য দায়িত্ব দেওয়ার কথা বলেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
তার এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন দেশের বিভিন্ন স্থানে নানা ইস্যুতে উত্তেজনা, রাজনৈতিক আলোচনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এসব পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা এবং সরকারের পদক্ষেপ নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
আসিফ মাহমুদের পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়। পোস্টের মন্তব্যের ঘরে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবহারকারীরা নিজেদের মতামত তুলে ধরেন। কেউ তার বক্তব্যকে আত্মবিশ্বাসী ও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো মন্তব্য হিসেবে দেখেছেন, আবার কেউ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সমালোচনা করেছেন।
বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব মাত্র দুই সপ্তাহে সামলানোর বিষয়ে তার মন্তব্য ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা যায়। সমর্থকদের কেউ কেউ তার বক্তব্যের পক্ষে অবস্থান নিলেও বিরোধিতাকারীরা এর বাস্তবতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারে থাকাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
তবে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে দেওয়া তার ফেসবুক পোস্টটি আনুষ্ঠানিক কোনো দায়িত্ব গ্রহণের আবেদন, নাকি চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বক্তব্য—এ বিষয়ে পোস্টে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। ফলে তার মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।