ফেনীর মুহুরী ও কহুয়া নদী ঘিরে দীর্ঘদিনের বন্যা, নদীভাঙন ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটির আওতায় বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখননসহ সেচ অবকাঠামোর উন্নয়ন করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার উপকণ্ঠে খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
প্রকল্পটি বাস্তবায়ন হলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীসংলগ্ন এলাকার বন্যা ও নদীভাঙনের ঝুঁকি কমানোর পাশাপাশি পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পানি ও নদীর পানি বৃদ্ধির কারণে যেসব এলাকায় দ্রুত প্লাবন দেখা দেয়, সেখানে বাঁধ ও নদী ব্যবস্থাপনার উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এর আগে ফেনীর মুহুরী-কহুয়া নদী ব্যবস্থার পুনর্বাসন নিয়ে সম্ভাব্যতা সমীক্ষা ও বিভিন্ন পর্যায়ে কারিগরি কাজও হয়েছে।
প্রকল্পের প্রথম পর্যায়ে ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন করা হবে। পাশাপাশি ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন এবং ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। এছাড়া পানি প্রবাহ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে।
পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণের পাশাপাশি সিলোনিয়া নদীতে বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনাও রয়েছে। প্রকল্পের কাজ ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মুহুরী-কহুয়া-সিলোনিয়া নদী অববাহিকায় বন্যা নতুন কোনো ঘটনা নয়। তবে ২০২৪ সালের আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যার পর নদীগুলোর বাঁধ ও পানি ব্যবস্থাপনার দুর্বলতা নতুন করে সামনে আসে। ওই সময় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে নদীর পানি দ্রুত বেড়ে যায় এবং একাধিক স্থানে বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।
পরবর্তী সময়ে স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ পুনর্নির্মাণ ও নদী ব্যবস্থাপনার দাবি জোরালো হয়। প্রকল্পটির লক্ষ্যও শুধু ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে সীমাবদ্ধ নয়; নদী পুনঃখনন, পানি নিষ্কাশন ও সেচ অবকাঠামো পুনর্বাসনের মাধ্যমে পুরো পানি ব্যবস্থাপনাকে শক্তিশালী করা।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হন। সফরসূচি অনুযায়ী, মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধনের পর তাঁর ফুলগাজী যাওয়ার কথা রয়েছে। সেখানে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করবেন।
ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম উদ্বোধনের কর্মসূচিও রয়েছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট ক্ষমতার ব্যবস্থা রয়েছে।
এরপর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচি রয়েছে।
ফুলগাজীতে ৫১০ জনকে ফ্যামিলি কার্ড এবং পুরো ফেনী জেলায় ৭ হাজার ৬৪৩ জনকে কৃষক কার্ড দেওয়ার কথা রয়েছে। এছাড়া ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকে সম্মানী দেওয়ার কর্মসূচি রাখা হয়েছে।
ফেনী সফরের শেষ পর্যায়ে ওই মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে প্রধানমন্ত্রীর নানা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি। এ কারণে ফুলগাজীসহ ফেনী-১ আসনের সঙ্গে খালেদা জিয়ার পারিবারিক ও রাজনৈতিক স্মৃতির সম্পর্ক দীর্ঘদিনের। তিনি ১৯৯১ সাল থেকে ওই আসনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।