ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় ৫৪৮ মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে জাইমা রহমানের ছবি সংবলিত মগ। একই সঙ্গে দুই দিনে প্রায় ৪ হাজার মানুষকে বিনা মূল্যে চক্ষুচিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বাইসাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারীশিক্ষার প্রসার, ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, আজকের ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। মেয়েদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত ও পড়াশোনা নিশ্চিত করতে বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
এদিকে, একই দিন শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের মতো বিনা মূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম চলে। আয়োজকদের তথ্যমতে, প্রথম দিন মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে প্রায় ২ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রতিমন্ত্রী জানান, তাঁর নির্বাচনী এলাকার চোখের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের পর্যায়ক্রমে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতির সমালোচনা করেন মীর শাহে আলম। তিনি দলটির বিরুদ্ধে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তোলেন। এ সময় তারেক রহমানের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা ও খাল খনন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আকতার, রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, মীর ফারিয়া তাবাসসুম ও প্রতিমন্ত্রীর কন্যা মীর সামারা সুনাতসহ অন্যরা। শেষে জাইমা রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।