• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি শিক্ষার্থী

newsline24 / ১৯ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি শিক্ষার্থী
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি শিক্ষার্থী

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় গত তিন বছরে ২০ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। একই সময়ে শিক্ষা খাতের ১ হাজার ৫৮ কর্মকর্তা ও কর্মচারীও প্রাণ হারিয়েছেন। শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্টদের হতাহতের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

বুধবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যান প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য শিক্ষা কর্মকর্তা-কর্মচারীদের নিহত, আহত ও আটকের চিত্র তুলে ধরা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা উপত্যকাতেই নিহত হয়েছেন ১৯ হাজার ১৮৯ জন স্কুল শিক্ষার্থী এবং ১ হাজার ৩৮৬ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অর্থাৎ, গাজায় নিহত শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজারের বেশি। হামলায় আহত হয়েছেন ২৮ হাজার ৫৮৬ জন স্কুল শিক্ষার্থী ও ৩ হাজার ৮২ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

গাজায় শিক্ষা খাতের কর্মীদেরও বড় ধরনের প্রাণহানি হয়েছে। সেখানে ৮০৫ জন স্কুল কর্মী এবং ২৪৬ জন বিশ্ববিদ্যালয় কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৯৮ জন স্কুল কর্মী ও ১ হাজার ৪৯৩ জন বিশ্ববিদ্যালয় কর্মী।

অধিকৃত পশ্চিম তীরেও শিক্ষা খাতের ওপর হামলা ও আটকের ঘটনা অব্যাহত রয়েছে। সেখানে ১৩৪ জন স্কুল শিক্ষার্থী ও ৩৯ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৭১ জন স্কুল শিক্ষার্থী এবং ২৮৩ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এছাড়া ইসরায়েলি বাহিনী ৪১৬ জন স্কুল শিক্ষার্থী ও ৪৮১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে।

পশ্চিম তীরে শিক্ষা খাতের কর্মীদের মধ্যেও হতাহত ও আটকের ঘটনা ঘটেছে। সেখানে সাতজন স্কুল কর্মী নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। একই সঙ্গে ১৭৬ জনের বেশি শিক্ষক এবং ২১ জন বিশ্ববিদ্যালয় কর্মীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় সামগ্রিক প্রাণহানিও ব্যাপক আকার ধারণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় ১ হাজার ২১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজার ৩৫০ জনের বেশি এবং আটক হয়েছেন ২৪ হাজার ৬০০ জনের বেশি মানুষ।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান বলছে, দীর্ঘস্থায়ী সংঘাতের প্রভাব শুধু প্রাণহানি বা শারীরিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নেই। শিক্ষার্থী ও শিক্ষক-কর্মীদের মৃত্যু, আহত ও আটকের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হওয়ায় ফিলিস্তিনের শিক্ষা কার্যক্রমও বড় ধরনের সংকটের মুখে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category