দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অন্যায়, দুঃশাসন ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাধ্যমে যারা মানুষের রক্ত ঝরিয়েছে, তাদের রাজনৈতিক প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না।
শুক্রবার জুমার নামাজের আগে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে হেফাজতে ইসলাম দেশের স্বার্থে ও ধর্মীয় মূল্যবোধের পক্ষে প্রতিবাদ জানিয়েছে। এ আন্দোলনে আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেকে প্রাণ দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যেমন ২৩ বছর সংগ্রাম করতে হয়েছে, তেমনি ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে ১৬ থেকে ১৭ বছর আন্দোলন করতে হয়েছে।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, আগের ১৬ থেকে ১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন এবং প্রায় ৭ হাজার মানুষ হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন। নিজেও গুমের শিকার হয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় বেঁচে ফিরেছেন। এ সময়ে লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি প্রশ্ন রাখেন, দেশের মানুষ কি আবারও ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন চায়? যারা অতীতে দুঃশাসন চালিয়েছে, তাদের ফিরে আসার পরিবেশ কারা তৈরি করছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির পেছনে ফ্যাসিবাদী শক্তির ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করা কয়েকটি দলের সমালোচনা করে বলেন, তাদের নির্বাচনী ইশতেহার ও দলীয় ম্যানিফেস্টোতে ইসলামী শাসনব্যবস্থা এবং শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার সুস্পষ্ট অবস্থান নেই।
নিজেদের রাজনৈতিক আদর্শ তুলে ধরে তিনি বলেন, তাঁরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতিতে আস্থাশীল।
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী আলোচনার ভিত্তিতে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনঃস্থাপন করা হবে।
সরকারের সমালোচনা গঠনমূলকভাবে করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে সহযোগিতা করা যাবে না। সরকার রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ উৎপাদন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চায়। পাশাপাশি আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নও সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য সরওয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও হুমাম কাদের চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা, আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।