পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একক উন্নয়ন প্রকল্প। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ, দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে এখান থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট প্রকল্পটি নির্মাণ করছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ নিরাপত্তামান বজায় রাখা অত্যন্ত জরুরি। এ কারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তাবিধি, অনুমোদিত পরিচালন পদ্ধতি এবং দেশের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে কেন্দ্রটি পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে সামান্য ত্রুটিও বড় ঝুঁকির কারণ হতে পারে। তাই বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
যেভাবে উৎপাদিত হবে বিদ্যুৎ
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রচলিত জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পারমাণবিক জ্বালানির বিক্রিয়া থেকে তাপশক্তি উৎপন্ন করা হয়। সেই তাপ ব্যবহার করে পানি থেকে উচ্চচাপের বাষ্প তৈরি করা হয়। বাষ্পের চাপে টারবাইন ঘোরে এবং টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়।
রূপপুর কেন্দ্রের চুল্লিপাত্রে পারমাণবিক বিক্রিয়া শুরু হওয়ার পর উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে উৎপাদনক্ষমতা ৩০ শতাংশে উন্নীত করা হয়েছে। এরপর জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহও সম্ভব হয়েছে। এটি কেন্দ্রটির কমিশনিং ও বিদ্যুৎ সঞ্চালন পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি ধাপ।
দেড় বছর পরপর পরিবর্তন হবে জ্বালানি
রূপপুর কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটি দীর্ঘ সময় ধরে স্থিতিশীলভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। কেন্দ্রটির সূত্র জানিয়েছে, প্রতি দেড় বছর পরপর নতুন পারমাণবিক জ্বালানি সরবরাহ করতে হবে। ব্যবহৃত জ্বালানি অপসারণ, নতুন জ্বালানি স্থাপন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য একটি ইউনিট সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বন্ধ রাখা হতে পারে।
অর্থাৎ, নির্ধারিত রক্ষণাবেক্ষণ ও জ্বালানি পরিবর্তনের সময় ছাড়া ইউনিটগুলো দীর্ঘ সময় একটানা বিদ্যুৎ উৎপাদনের উপযোগী করে পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে দুটি ইউনিটের রক্ষণাবেক্ষণের সময়সূচি যথাযথভাবে সমন্বয় করা গেলে একটি ইউনিট বন্ধ থাকলেও অন্যটি থেকে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার সুযোগ থাকবে।
জ্বালানি আমদানির ক্ষেত্রেও রূপপুর কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী, কেন্দ্রটির একটি ইউনিট চালু হলে বছরে প্রায় ১০০ কোটি ডলারের জ্বালানি আমদানি সাশ্রয় করা সম্ভব হতে পারে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস, কয়লা ও তেলনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হলে দেশের জ্বালানি আমদানির ওপর চাপ কমাতে সহায়তা করবে কেন্দ্রটি।
নির্মাণে সময় ও ব্যয় দুটোই বেড়েছে
সম্ভাবনা থাকলেও রূপপুর প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয়—দুই ক্ষেত্রেই চাপ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের তুলনায় প্রকল্পটির কাজ সাড়ে তিন বছর পিছিয়ে গেছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল প্রকল্পের মেয়াদ। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, সময় বাড়লেও নির্মাণকাজের জন্য মূল চুক্তিমূল্য বাড়ানোর সুযোগ নেই। তবে ডলারের বিনিময়মূল্য বেড়ে যাওয়ায় টাকার হিসাবে প্রকল্পের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে প্রকল্পের ব্যয় ২৬ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে মোট ব্যয় দাঁড়াচ্ছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
বিপুল এই বিনিয়োগের সুফল পেতে হলে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ কার্যকরভাবে ব্যবহার করার সক্ষমতা গড়ে তোলা জরুরি।
জাতীয় গ্রিড ব্যবস্থাপনায় বড় পরীক্ষা
রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সুষ্ঠুভাবে যুক্ত করাও বড় একটি বিষয়। কারণ, দেশের বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা এখনো পুরোপুরি স্মার্ট গ্রিডে রূপান্তরিত হয়নি। বর্তমানে বিদ্যুতের চাহিদার পূর্বাভাস এবং সরবরাহের হিসাব বিবেচনায় নিয়ে অনেক ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে গ্রিড পরিচালনা করা হয়।
এরই মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস, কয়লা, তেল, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎসহ বিভিন্ন উৎসের বিদ্যুৎ যুক্ত হচ্ছে। বিশেষ করে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে দিনের বিভিন্ন সময়ে বিদ্যুৎ সরবরাহের ধরনেও পরিবর্তন আসছে। সৌরবিদ্যুৎ দিনের আলো ও আবহাওয়ার ওপর নির্ভরশীল হলেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তুলনামূলক স্থিতিশীল হারে বিদ্যুৎ পাওয়া যায়। ফলে বিভিন্ন উৎসের বিদ্যুতের মধ্যে সমন্বয় বজায় রাখা গ্রিড পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম মনে করেন, স্মার্ট গ্রিড ব্যবস্থা থাকলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হতো। তাঁর মতে, প্রচলিত পদ্ধতিতে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের সমন্বয় করতে গিয়ে গ্রিড বিপর্যয়ের আশঙ্কা থেকে যায়। রূপপুর কেন্দ্র থেকে বড় পরিমাণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে চাহিদা ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরীক্ষাও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা জরুরি।
বাস্তবে কোনো বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা বেশি হলেই সেই বিদ্যুৎ নির্বিঘ্নে ব্যবহার করা সম্ভব হয় না। বিদ্যুৎ সঞ্চালন লাইন, সাবস্টেশন, গ্রিডের ভারসাম্য এবং ব্যবহারকারীদের চাহিদা—সবকিছুর মধ্যে সামঞ্জস্য থাকতে হয়। বিশেষ করে বড় ক্ষমতার একটি কেন্দ্র থেকে একসঙ্গে বিপুল পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে তা সামাল দেওয়ার মতো অবকাঠামো ও পরিচালন সক্ষমতা থাকা প্রয়োজন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় বড় পরিবর্তন আনতে পারে। তবে এর সফলতা শুধু বিদ্যুৎ উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। নিরাপদ পরিচালনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, জ্বালানি ব্যবস্থাপনা এবং আধুনিক সঞ্চালনব্যবস্থা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এসব প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করা গেলে রূপপুর কেন্দ্র দেশের দীর্ঘমেয়াদি বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।