• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
হত্যা,অপহরণ,চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলন-পদ্মার চরাঞ্চলে অপরাধ দমনে চার জেলার যৌথ অভিযান দাবি। গোপালগঞ্জে বিএনপি এমপির হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট ভাঙার উদ্যোগ, ঢাকায় এআই সিগন্যাল রূপপুর কেন্দ্র চালু হলে ২৪ ঘণ্টাই মিলবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিজ এলাকায় যেতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষে উত্তপ্ত এলাকা মেহেরপুরে সেতু ও মার্কেটের সামনে মিলল ৬টি ককটেল, তিনটিতে ‘জয় বাংলা’ টুঙ্গিপাড়ায় ভয়াবহ তাণ্ডব, এমপি জিলানীর ১৫ বাড়ি পুড়িয়ে দেওয়া হলো আত্মগোপনে থাকা আ.লীগ নেতাকর্মীদের ধরতে ঢাকায় চিরুনি অভিযান

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ১৫ দিনের আইনি আলটিমেটাম

newsline24 / ২৮ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ১৫ দিনের আইনি আলটিমেটাম
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ১৫ দিনের আইনি আলটিমেটাম

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়ার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে কূটনৈতিক যোগাযোগ, প্রশাসনিক সমন্বয় এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন নোটিশদাতা।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠান। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য। তার সদস্য পরিচিতি নম্বর ৬২০২।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের প্রাপক করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। বরং সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারায় রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়িত্ব এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্বের কথা বিবেচনা করেই তিনি নিরপেক্ষ অবস্থান থেকে এ উদ্যোগ নিয়েছেন।

জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় গোপনীয়তার উদ্বেগ

আইনি নোটিশে জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল এবং জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন সংবেদনশীল তথ্য থাকার সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় তিনি দীর্ঘদিন প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করায় এসব তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে বলে নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নোটিশদাতার মতে, এ ধরনের পরিস্থিতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে জটিলতা সৃষ্টি করতে পারে। এমনকি পরিস্থিতির অবনতি হলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

নিজের যুক্তির পক্ষে নোটিশে ইয়েমেন ও ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেওয়ার পর তার দীর্ঘ অবস্থান ও রাজনৈতিক তৎপরতা দেশটির আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপের বিষয়টিও এ প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে।

একইভাবে, ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর সৃষ্ট ভূরাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। নোটিশে ক্রিমিয়া উপদ্বীপ দখল এবং পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেনের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন কোনো ধরনের বৈরিতা বা সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

যেভাবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রস্তাব

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নোটিশে কয়েকটি পর্যায়ভিত্তিক কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর কথা বলা হয়েছে। এতে বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভ ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়টি তুলে ধরে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সহযোগিতা চাওয়ার প্রস্তাব রয়েছে।

এরপর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ এবং আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। নোটিশে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের প্রসঙ্গ টেনে কূটনৈতিক মিশনের অলঙ্ঘনীয়তার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের পর শেখ হাসিনা বাংলাদেশের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন। এরপর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ও প্রশিক্ষিত দল হাইকমিশন প্রাঙ্গণে তাকে গ্রেপ্তার করে আইনি হেফাজতে নেবে।

দেশে ফেরানোর জন্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যুর প্রস্তাবও রয়েছে। এ ক্ষেত্রে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে উপযুক্ত বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। পুরো যাত্রায় বাংলাদেশ পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তা ও পাহারার ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন আইনজীবী।

টুঙ্গিপাড়ায় বিশেষ উপ-কারাগার করার প্রস্তাব

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পর তার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও নোটিশে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। এ জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত তার পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল বা উপ-কারাগার হিসেবে ঘোষণার কথা বলা হয়েছে।

নোটিশে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ধরনের ব্যবস্থা নিতে পারে। এতে একদিকে তার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, অন্যদিকে জনশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সহজ হবে বলে নোটিশদাতার অভিমত।

এ ছাড়া ঢাকায় বিমান অবতরণের পর বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে সরাসরি টুঙ্গিপাড়ার প্রস্তাবিত উপ-কারাগারে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তার মতে, এভাবে স্থানান্তর করা হলে জনসমাগম ও নিরাপত্তাজনিত ঝুঁকি কমানো সম্ভব হতে পারে।

আপিল ও অন্যান্য মামলার বিচার চালানোর প্রস্তাব

নোটিশে শেখ হাসিনার বিচারিক অধিকার এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

এতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারার উল্লেখ করে বলা হয়েছে, দেশে ফেরার পর আইনি হেফাজতে থাকা অবস্থায় তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সংবিধিবদ্ধ আপিলের অধিকার প্রয়োগ করতে পারবেন।

আইনের ২১ ধারার ৩ উপধারা অনুযায়ী, দণ্ডাদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল দায়েরের বিধান রয়েছে। তবে উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার আবেদন করা হলে তা বিবেচনা করে আপিল শুনানির জন্য গ্রহণ করার বিচারিক ক্ষমতা আপিল বিভাগের রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম সচল রাখার জন্য ভার্চুয়াল বিচারব্যবস্থা ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা এবং সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করার কথা বলা হয়েছে।

নোটিশদাতার যুক্তি, ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হলে নিরাপত্তাজনিত ঝুঁকি কমানোর পাশাপাশি মামলাগুলোর কার্যক্রমও বাধাগ্রস্ত হবে না। এতে অভিযুক্ত ব্যক্তির আইনি অধিকার এবং বিচারপ্রক্রিয়ার ধারাবাহিকতা—দুটিই বজায় রাখার সুযোগ থাকবে।

নোটিশে আরও বলা হয়েছে, আপিলসহ সব আইনি প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার পর সংশ্লিষ্ট আদালত যে রায় ও আদেশ দেবেন, সরকারকে তা নিরপেক্ষভাবে কার্যকর করতে হবে। বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাবের পরিবর্তে আইনের শাসন এবং সাংবিধানিক অধিকারকে প্রাধান্য দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

১৫ দিনের মধ্যে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিটের হুঁশিয়ারি

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গৃহীত ব্যবস্থার বিষয়ে লিখিতভাবে তাকে অবহিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন নোটিশদাতা।

তার বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় গোপনীয়তা এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনি অধিকার রক্ষার স্বার্থেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তবে নোটিশে উল্লিখিত প্রস্তাবগুলো আইনজীবীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপিত দাবি ও সুপারিশ। এগুলো সরকারের গৃহীত সিদ্ধান্ত বা বাস্তবায়িত পদক্ষেপ নয়। প্রস্তাবগুলোর বাস্তবায়ন নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত, প্রচলিত আইন এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category