• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ এখন বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, আহত কলেজছাত্রী পদ্মার চরে ‘রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র’ গড়ার অপচেষ্টা? সশস্ত্র অপরাধী চক্রের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা পুলিশের নজরদারি ১১ মিনিটের ঝড়ে ইতিহাস গড়লেন ভিনিসিয়ুস, ব্রাজিলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক রাজধানীতে তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, আতঙ্ক আইপিএলে আর খেলোয়াড় হিসেবে দেখা যাবে না ধোনিকে, নতুন দায়িত্বে কিংবদন্তি শারীরিক অসুস্থতায় সংসদ ছাড়ছেন বিএনপির এমপি ওসমান ফারুক রূপপুরে পারমাণবিক বিদ্যুতের সূচনা, জাতীয় গ্রিডে যুক্ত ৩৫০ মেগাওয়াট শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা, তীব্র প্রতিবাদ হুইপ দুলুর

শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

newsline24 / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
শিশু রামিসা হত্যা সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস
শিশু রামিসা হত্যা সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ে বলেন, শিশু রামিসাকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক পদ্ধতিতে হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড উপযুক্ত শাস্তি। আদালত জানান, মামলার ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে। পাশাপাশি আসামি সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছায় দেওয়া হয়েছে বলেও প্রমাণিত হয়েছে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এর আগে সকালে তিনি হাইকোর্টে এসে মেয়ের হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার প্রত্যাশা জানিয়েছিলেন। তবে আদালতের রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও তার স্ত্রী স্বপ্না খাতুন খালাস পাওয়ায় মামলার চূড়ান্ত বিচারিক পর্যালোচনায় দুই আসামির বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত এসেছে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) একই বেঞ্চে সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

যেভাবে ঘটে শিশু রামিসাকে হত্যার ঘটনা

মামলার নথি অনুযায়ী, নিহত শিশু রামিসার পরিবার রাজধানীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভবনে ভাড়া থাকত। তার বাবা আব্দুল হান্নান মোল্লা বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাস করতেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন।

রামিসা পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে ওই বাসায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা।

ঘটনার খবর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পৌঁছালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন।

গ্রেপ্তারের পর ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তের দায়িত্বে ছিলেন পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান।

দ্রুত তদন্ত ও বিচারিক আদালতের রায়

তদন্ত শেষে ২৫ মে সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। একই দিন মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়। ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এক দিনেই সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য গ্রহণ করেন আদালত।

এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুন—দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ নিহত শিশুর আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন বিচারক।

রায়ে আরও বলা হয়েছিল, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড ফাঁসির মাধ্যমে কার্যকর করতে হবে। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুসারে হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক এবং বিক্রি করে সেই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

১৯ দিনের মধ্যে বিচারিক আদালতে রায়

শিশু রামিসা হত্যার মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালত এ মামলার রায় ঘোষণা করেন। দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পর দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে কারাগার থেকে দুই আসামি পৃথকভাবে জেল আপিল করেন।

হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল এবং স্বপ্না খাতুনকে খালাস দেওয়ার সিদ্ধান্ত আসে।

এই রায়ের মধ্য দিয়ে মামলাটির বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। বিশেষ করে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে বিচারিক আদালতের দেওয়া সর্বোচ্চ দণ্ড উচ্চ আদালতেও বহাল থাকল। অন্যদিকে, তার স্ত্রীর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড আর বহাল থাকেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category