দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে এই বিদ্যুৎ সরবরাহকে প্রকল্প বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে এটি এখনই নিয়মিত বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের সূচনা নয়। বরং কেন্দ্রটির বিভিন্ন যন্ত্রপাতি, উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে এই পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিড সংযোগব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণভাবে সরবরাহ করা যাচ্ছে, তা-ও পরীক্ষা করে দেখা হবে।
প্রাথমিক পরীক্ষার পর প্রয়োজনীয় কারিগরি মূল্যায়নের জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। এই দ্বিতীয় ধাপেও কেন্দ্রটির বিভিন্ন পরিচালন ব্যবস্থা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা যাচাই করা হবে।
সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে। সব কারিগরি পরীক্ষা সন্তোষজনকভাবে সম্পন্ন হলে পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর রূপপুরের প্রথম ইউনিটকে আবারও পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী ধাপে নেওয়া হবে।
বাণিজ্যিক উৎপাদনের আগে ১০ মাসের পরীক্ষা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু করতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ পার হতে হবে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন বা পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যে কেন্দ্রটির বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, নিরাপদ পরিচালন সক্ষমতা এবং ধারাবাহিক বিদ্যুৎ উৎপাদনের বিষয়গুলো যাচাই করা হবে।
নির্ধারিত ট্রায়াল অপারেশন সফলভাবে শেষ হলে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কেন্দ্রটির প্রথম ইউনিট বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে প্রভিশনাল টেকওভার বা প্রাথমিকভাবে হস্তান্তর করা হবে।
এরপর সরকারের গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানটি বিদ্যুৎকেন্দ্র পরিচালনার দায়িত্ব পালন করবে।
দুই ইউনিটে উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র