• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নুসরাতের বাড়িতে আগুনে পেট্রলবোমার আলামত মেলেনি, শর্টসার্কিটে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতা প্রমাণিত হলে পদত্যাগে প্রস্তুত স্বাস্থ্যমন্ত্রী নুসরাতের গ্রামের বাড়িতে আগুনের কারণ নিয়ে তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাটপণ্যের সম্ভাবনা দেখলেন প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে মতভেদ নেই, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ইরানে সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকট হুমকির ফোনের পর নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চাইলেন প্রধানমন্ত্রী আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে আগুন, আওয়ামী লীগকে সন্দেহ

নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মরদেহ

newsline24 / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মরদেহ
নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মরদেহ

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর মো. রাসেল (২৬) নামে এক শ্রমিক দল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের চৌকিদার বাড়িতে তাঁর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মুক্তা বেগমসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

নিহত রাসেল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। তিনি নোয়াখলা ইউনিয়ন পূর্বাঞ্চল শ্রমিক দলের নেতা ছিলেন। তাঁর সংসারে স্ত্রী মুক্তা বেগম ছাড়াও দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল ও তাঁর স্ত্রী মুক্তা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই মধ্যে গত ৬ নভেম্বর রাতে মুক্তা বেগম ফোন করে রাসেলকে তাঁর বাবার বাড়িতে যেতে বলেন। স্ত্রীর ফোন পেয়ে তিনি শ্বশুরবাড়িতে যান। এরপর থেকেই তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পরদিন ৭ নভেম্বর চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা সিরাজুল ইসলাম। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পরদিন থেকেই তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অনুপস্থিতি এবং রাসেলের কোনো সন্ধান না পাওয়ায় ঘটনাটি নিয়ে এলাকায় সন্দেহ তৈরি হয়।

পরে বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি (তদন্ত) এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ কয়েকজন শ্বশুরবাড়িতে যান। সেখানে একটি পরিত্যক্ত ও ভাঙাচোরা ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে তাঁদের সন্দেহ হয়। এরপর ঘরটির ভেতরে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মরদেহের মাটিচাপা দেওয়া অংশ পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এভাবে মরদেহ গোপন করার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে রাসেলকে হত্যা করা হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ছেলের মরদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন বাবা সিরাজুল ইসলাম। তিনি বলেন, গত ৬ নভেম্বর রাতে মুক্তা ফোন করে তাঁর ছেলেকে শ্বশুরবাড়িতে ডেকে নেন। এরপর থেকে রাসেলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিনই তিনি থানায় জিডি করেছিলেন। তাঁর অভিযোগ, ছেলেকে নির্মমভাবে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে পুত্রবধূ মুক্তা বেগমের নাম উল্লেখ করে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এদিকে নিহত রাসেলের রাজনৈতিক সহকর্মীরাও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন। চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা বলেন, রাসেল দলের একজন ত্যাগী নেতা ছিলেন। বিগত সরকারের আমলে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছিলেন এবং গুলিবিদ্ধও হয়েছিলেন। তাঁর মৃত্যুতে দলের নেতাকর্মীরা শোকাহত। চাটখিল উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মরদেহটির সন্ধান পায়। পরে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থলের আলামত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হবে।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নিজ শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে রাসেলের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অপেক্ষা ও উদ্বেগ শেষ হয়েছে মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে, তবে হত্যাকাণ্ডের রহস্য এখনো অমীমাংসিত। পুলিশি তদন্তের মাধ্যমে এ ঘটনার প্রকৃত চিত্র সামনে আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category