একই সঙ্গে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল করতে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহের মধ্যে এ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। কিন্তু বিভিন্ন পর্যায়ে ২ থেকে ৩ লাখ টাকা খরচের কথা বলা হচ্ছে। নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রবণতা বন্ধ করা জরুরি। কারণ, একজন কর্মী বিদেশে যাওয়ার আশায় নিজের সঞ্চয়, জমিজমা কিংবা পরিবারের কাছ থেকে ধার করা অর্থ ব্যয় করেন। নির্ধারিত খরচের চেয়ে বেশি টাকা দিতে হলে বিদেশে যাওয়ার আগেই তাঁকে বড় ধরনের আর্থিক চাপে পড়তে হয়।
সরকারের লক্ষ্য নির্ধারিত ব্যয়ের মধ্যে কর্মী পাঠানো নিশ্চিত করা, যাতে বিদেশে কাজের সুযোগ নিতে গিয়ে কাউকে অযৌক্তিক খরচের বোঝা বহন করতে না হয়।
বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ
এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ লক্ষ্যে মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার বা কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে সংস্থাটি।
সব প্রস্তুতি ও নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই কর্মী পাঠানো শুরু করতে চায় বোয়েসেল। বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি বলেন, মালয়েশিয়া থেকে পাওয়া ৫৬৮টি ডিমান্ড লেটারের ভিত্তিতে কর্মী পাঠানোর কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ডিসেম্বরের আগে প্রয়োজনীয় প্রক্রিয়া চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে কর্মীদের দ্রুত বিদেশে পাঠানো সম্ভব হবে। কোনো কারণে এক-দুই দিন দেরি হলে সেটিকে প্রক্রিয়াগত বিলম্ব হিসেবে দেখতে হবে।
ডিএইচএলে চাকরি পাচ্ছেন প্রথম ধাপে ১১২ বাংলাদেশি
বোয়েসেলের উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়ার আন্তর্জাতিক লজিস্টিকস ও সাপ্লাই চেইন প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে প্রথম ধাপে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে তাঁদের চূড়ান্ত নির্বাচনপ্রক্রিয়া শুরু হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ নভেম্বর ডিএইচএল কর্তৃপক্ষের কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পায় বোয়েসেল। এরপর ৫ নভেম্বর সংস্থাটির পক্ষ থেকে অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ করা হয় ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত। এই তিন দিনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সব আবেদনকারীকে সমান সুযোগ দিতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুটি পদের জন্য প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক কাজের সক্ষমতা এবং সংশ্লিষ্ট পদের উপযোগিতা যাচাই করে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নির্বাচনপ্রক্রিয়া সম্পন্ন করতে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।
প্রতিনিধি দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে। এসব পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের কাজের দক্ষতা ও নির্ধারিত দায়িত্ব পালনের সক্ষমতা যাচাই করা হবে।
আরও ৫৫৮ কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল
ডিএইচএলে ১১২ কর্মী নিয়োগের পাশাপাশি মালয়েশিয়ার আরও কয়েকটি খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। দেশটির পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং বা সেবাযত্ন খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে মালয়েশিয়ার শ্রমবাজারে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়ার সুযোগ তৈরি হবে। বিশেষ করে মধ্যস্বত্বভোগী ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের চাপ এড়িয়ে বিদেশে কাজের সুযোগ পাওয়া কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ।
বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু চাকরির সুযোগ তৈরি করাই যথেষ্ট নয়; নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা, নির্ধারিত ব্যয় নিশ্চিত করা এবং কর্মীদের অধিকার সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকায় সীমিত রাখা এবং বোয়েসেলের মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর উদ্যোগ কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে বাস্তবায়ন ও তদারকির ওপর।