• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারের কাছে আইনি নোটিশ

newsline24 / ১১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারের কাছে আইনি নোটিশ
১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারের কাছে আইনি নোটিশ

এক হাজার টাকার নোট বাতিল এবং রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনস্বার্থে পাঠানো নোটিশে কালো টাকা ও দুর্নীতি নিয়ন্ত্রণ, লেনদেনে স্বচ্ছতা এবং মূল্যস্ফীতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনি নোটিশে দাবি করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত রিজার্ভ বা ব্যাকআপ ছাড়া অর্থনীতিতে অতিরিক্ত টাকা সরবরাহ করছে। নোটিশদাতার বক্তব্য অনুযায়ী, স্বর্ণ, রৌপ্য অথবা নির্ভরযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়া অতিরিক্ত অর্থ সরবরাহের ফলে টাকার ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে এবং এর প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে।

নোটিশে ‘কোয়ান্টিটি থিওরি অব মানি’র উল্লেখ করে বলা হয়েছে, অর্থের সরবরাহ বাড়লে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হতে পারে। এর ফলে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ছে বলেও দাবি করা হয়েছে।

এতে সংবিধানের ৩২ অনুচ্ছেদে থাকা জীবনধারণের অধিকারের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। নোটিশদাতার ভাষ্য, মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় খাদ্য ও মৌলিক চাহিদা পূরণের সক্ষমতা সংকুচিত হওয়া সাংবিধানিক অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়।

এক হাজার টাকার নোট বাতিলের পক্ষে যুক্তি হিসেবে নোটিশে বলা হয়েছে, সাধারণ মানুষ, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনে এ ধরনের বড় মূল্যমানের নোটের প্রয়োজন তুলনামূলকভাবে কম। একই সঙ্গে দাবি করা হয়েছে, উচ্চমূল্যের নোট অবৈধ অর্থ গোপন ও ব্যাংকিং ব্যবস্থার বাইরে অর্থ রাখার ক্ষেত্রে ব্যবহার হতে পারে।

নোটিশে ভারতের ২ হাজার টাকার নোট প্রত্যাহারের উদাহরণও উল্লেখ করা হয়েছে। ওই পদক্ষেপকে অনুসরণ করে বাংলাদেশে কালো টাকার বিস্তার ঠেকাতে এক হাজার টাকার নোট বাতিলের দাবি জানানো হয়েছে।

সবশেষে আগামী ১৫ দিনের মধ্যে রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ এবং এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় বিষয়টি আদালতে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category