• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

১ বছরে ৫৫ কিমি মহাসড়ক চার লেনে উন্নীত: সড়কমন্ত্রী

newsline24 / ১৪ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
১ বছরে ৫৫ কিমি মহাসড়ক চার লেনে উন্নীত সড়কমন্ত্রী
১ বছরে ৫৫ কিমি মহাসড়ক চার লেনে উন্নীত সড়কমন্ত্রী

২০২৫-২৬ অর্থবছরে দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে সরকার। এ সময়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ৫৫ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হয়েছে। পাশাপাশি নতুন সড়ক নির্মাণ, বিদ্যমান সড়ক প্রশস্তকরণ, শক্তিশালীকরণ ও পুনঃপৃষ্ঠায়নের কাজও হয়েছে।

বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. জাহান্দার আলী মিয়ার (মাদারীপুর-২) লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে মোট ৮১ কিলোমিটার নতুন ফ্লেক্সিবল পেভমেন্ট এবং ৫৯ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণ করা হয়েছে। সড়কের ধারণক্ষমতা ও স্থায়িত্ব বাড়াতে এ সময়ে ২৫৯ দশমিক ৫৩ কিলোমিটার সড়ক প্রশস্ত করার কাজ সম্পন্ন হয়েছে।

এ ছাড়া ১৫৮ কিলোমিটার সড়কে শক্তিশালীকরণ এবং ২৫৮ কিলোমিটার মহাসড়কে পুনঃপৃষ্ঠায়নের কাজ শেষ হয়েছে। এসব কার্যক্রমের ফলে বিভিন্ন সড়কে যান চলাচলের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পুরোনো ও ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মান উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে।

সড়ক অবকাঠামোর পাশাপাশি সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও নির্মাণ করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে মোট ৪ হাজার ৫৮৮ মিটার দৈর্ঘ্যের ৫৮টি সেতু নির্মাণ করা হয়েছে। একই সময়ে ১ হাজার ১৫২ মিটার দৈর্ঘ্যের ২১৪টি কালভার্ট নির্মাণের কাজও শেষ হয়েছে।

এ ছাড়া ৭০০ মিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভার, ৪২ মিটার দৈর্ঘ্যের একটি ওভারপাস এবং মোট ২১ দশমিক ৩৫ মিটার দৈর্ঘ্যের দুটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে। সড়ক ব্যবস্থায় এসব অবকাঠামো যুক্ত হওয়ায় যানবাহন চলাচল নির্বিঘ্ন করা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট কমানোর ক্ষেত্রে এগুলো ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সংসদে দেওয়া তথ্যে আরও জানানো হয়, বর্তমানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মোট ১৫ হাজার ৮৫১ কোটি ৮ লাখ টাকা বরাদ্দে ৯৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক, মহাসড়ক, সেতু ও অন্যান্য যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম চলছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক অবকাঠামোর ধারাবাহিক উন্নয়ন দেশের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি পণ্য পরিবহন ও যাতায়াতের সময় কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে মহাসড়ক চার লেনে উন্নীত করা হলে একই সড়কে অধিকসংখ্যক যানবাহন চলাচলের সুযোগ তৈরি হয় এবং দীর্ঘমেয়াদে আঞ্চলিক যোগাযোগ আরও গতিশীল হওয়ার সম্ভাবনা থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category