স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।
মঙ্গলবার এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকেই ভোটগ্রহণের সময়সূচি নিয়ে মূল সিদ্ধান্ত হবে। এরপর কমিশন ভোটের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।
এর আগে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচন বা ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো আলোচনা হয়নি। প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের পর ইসির অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব সরাসরি কোনো পাল্টা মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাব দেওয়ার মতো কোনো অবস্থানে কমিশন যেতে চায় না। তবে ভোটের চূড়ান্ত তারিখ নির্ধারণের বিষয়টি ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠকেই নিষ্পত্তি হবে বলে জানান তিনি।
এর আগে সোমবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি তুলে ধরেন। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে সাত ধাপে ভোটগ্রহণ হতে পারে।
প্রস্তাবিত কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১২ নভেম্বর। এরপর দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি এবং ষষ্ঠ ধাপের ভোট ২২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষ সপ্তম ধাপে ২৭ মে ভোটগ্রহণের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।
প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদকে ভোটের আওতায় আনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তবে এসব সিদ্ধান্ত এখনো চূড়ান্ত তফসিল নয়; ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ভোটের চূড়ান্ত তারিখ ও অন্যান্য বিষয় স্পষ্ট হবে।
ফলে ইউপি নির্বাচনকে ঘিরে কমিশনের ঘোষিত সাত ধাপের প্রাথমিক পরিকল্পনা আপাতত সম্ভাব্য সময়সূচি হিসেবেই থাকছে। আগামী ১৭ সেপ্টেম্বরের বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এই পরিকল্পনা অপরিবর্তিত থাকবে, নাকি ভোটের তারিখে কোনো পরিবর্তন আসবে।