বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এমন একটি অর্থনীতি পেয়েছে, যেখানে নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে আবারও টেকসই ও ইতিবাচক ধারায় ফেরানোর চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সরকারের প্রতিটি মন্ত্রণালয় এ লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ।
সরকার দায়িত্ব নেওয়ার পরের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার পর সরকারকে একদিকে অভ্যন্তরীণ বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে, অন্যদিকে সামলাতে হচ্ছে বৈশ্বিক নানা সংকট। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি খাতেও পড়ছে। জ্বালানি তেল ও গ্যাসের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সরকারকে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে জানান তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের সাম্প্রতিক অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন শামা ওবায়েদ। তার ভাষ্য, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একই পরিবারের তিন প্রজন্মের নেতৃত্বের এমন নজির বিরল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘে ভাষণ দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তাদের উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রীও জাতিসংঘে ভাষণ দিয়ে বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করেছেন বলে মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে শতভাগ শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে হবে। বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি—যে দলেরই কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করুক, তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধীকে আইনের আওতায় আনতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের তদবির গ্রহণ করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানান শামা ওবায়েদ। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সুযোগসন্ধানী ও দুষ্কৃতকারীরা যাতে কোনো ধরনের ষড়যন্ত্র বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখার আহ্বান জানান তিনি। দেশের স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন তিনি।
শামা ওবায়েদ বলেন, সাধারণ জনগণের ভালোবাসাই তার একমাত্র শক্তি। সেই শক্তিকে সঙ্গে নিয়েই শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।