জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারি করা গেজেট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগের।
বুধবার (৭ অক্টোবর) উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পত্রে বলা হয়েছে, সংযুক্তির বর্ণনা অনুযায়ী গেজেটের দুই কপি করে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এস, আর, ও নং ৩৪৮-আইন/২০২৬-এর গেজেটের কপিও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পাঠানো হয়েছে।
এর আগে, গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই নতুন বেতনকাঠামো অনুযায়ী গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন এই বেতনকাঠামো তিন ধাপে সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে। এর ফলে চাকরিজীবীরা বর্ধিত বেতনের পাশাপাশি তাঁদের প্রাপ্য বকেয়া বেতনও পাবেন।