• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সায়েন্সল্যাবে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

newsline24 / ১৮ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সায়েন্সল্যাবে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
সায়েন্সল্যাবে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গ্রিন রোডের মুখে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সায়েন্সল্যাব মোড়সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি—এই তিন থানার পুলিশ সদস্যরা সায়েন্সল্যাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন।

এরই মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে সায়েন্সল্যাব এলাকায় আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। প্রস্তুত রাখা হয় জলকামানও।

জানা যায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে রোববার বেলা ১১টার দিকে ঢাকা কলেজে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীও সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যেই ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সায়েন্সল্যাব ও এর আশপাশের এলাকায় স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয় এবং যান চলাচলেও প্রভাব পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি যাতে আরও না বাড়ে, সে জন্য পুলিশ সেখানে অবস্থান করছে।

ওসি জানান, সায়েন্সল্যাব এলাকায় প্রায় ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি—তিন থানা থেকে পুলিশ সদস্যরা আলাদা আলাদা স্থানে দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের অঘটন যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

একই সময়ে উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচি এবং দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ—দুই ঘটনাকে ঘিরে সায়েন্সল্যাব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category