• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি, আহত পাঁচ নেতাকর্মী হাতিরঝিলে প্রবাসীকে গুলি, অটোরিকশাচালককে কুপিয়ে জখম গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

সামুদ্রিক খাতকে শক্তিশালী করতে চার অগ্রাধিকার প্রধানমন্ত্রীর

newsline24 / ৯৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সামুদ্রিক খাতকে শক্তিশালী করতে চার অগ্রাধিকার প্রধানমন্ত্রীর
সামুদ্রিক খাতকে শক্তিশালী করতে চার অগ্রাধিকার প্রধানমন্ত্রীর

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশবান্ধব করে জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করতে কার্যকর নীতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব নৌ দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেছেন, শুধু নীতি ও বিধিবিধান প্রণয়ন করলেই হবে না, সেগুলোর যথাযথ প্রয়োগ এবং পরিচালনাগত দক্ষতা নিশ্চিত করাও জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, সামুদ্রিক খাতের উন্নয়নে সরকারের প্রধান গুরুত্বের জায়গাগুলোর মধ্যে রয়েছে শক্তিশালী বাস্তবায়ন ব্যবস্থা, আধুনিক অবকাঠামো, পরিবেশবান্ধব নৌপরিবহন, দক্ষ নাবিক তৈরি এবং কার্যকর সামুদ্রিক সুশাসন।

এ বছর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) নির্ধারিত ‘নীতিকে বাস্তবে রূপ দিয়ে সামুদ্রিক খাতের উৎকর্ষ অর্জন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বিশ্ব নৌ দিবস পালন করছে। প্রধানমন্ত্রী মনে করেন, এই প্রতিপাদ্য বাংলাদেশের সামুদ্রিক উন্নয়নের জাতীয় লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বাণীতে তারেক রহমান বলেন, বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনা কাজে লাগাতে সুস্পষ্ট নীতি ও প্রয়োজনীয় আইন প্রণয়নের পাশাপাশি সেগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সামুদ্রিক খাতের প্রতিটি পর্যায়ে পরিচালনাগত উৎকর্ষ অর্জনের ওপর জোর দিতে হবে।

নীল অর্থনীতিতে গুরুত্ব

বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানভিত্তিক ও টেকসই পদ্ধতিতে সামুদ্রিক সম্পদ ব্যবহারের মাধ্যমে দেশের নীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আওতায় গভীর সমুদ্রে মৎস্য আহরণ, পরিবেশবান্ধব পর্যটন এবং উপকূলীয় শিল্পের বিকাশকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

ইশতেহারে জাতীয় ব্লু ইকোনমি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সামুদ্রিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বঙ্গোপসাগরে বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশের অর্থনীতি ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০ শতাংশেরও বেশি সমুদ্রপথনির্ভর। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং দেশের বিস্তৃত নদীপথের মাধ্যমে পণ্য ও সেবা পরিবহনে সামুদ্রিক ও নৌপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সামুদ্রিক সীমানা, নৌপরিবহন এবং বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো ধাপে ধাপে শক্তিশালী করেছে বলেও বাণীতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার ২৯টি সামুদ্রিক কনভেনশনে স্বাক্ষর করেছে।

সবুজ নৌপরিবহনে জোর

সামুদ্রিক খাতের উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। অভ্যন্তরীণ ও সমুদ্রগামী নৌযান থেকে কার্বন নিঃসরণ কমানো এবং নৌপরিবহন খাতে সবুজ রূপান্তর দ্রুত করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

২০২৬ সালকে ‘বাস্তবায়নের বছর’ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী সামুদ্রিক খাতের জন্য চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন। এগুলোর মধ্যে রয়েছে সবুজ নৌপরিবহন সম্প্রসারণ এবং বিশ্বমানের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ সুবিধা গড়ে তোলা।

দ্বিতীয় অগ্রাধিকার হলো স্বয়ংক্রিয় ও ডিজিটাল লজিস্টিক ব্যবস্থা চালুর মাধ্যমে বন্দর অবকাঠামোর আধুনিকায়ন। এর ফলে বন্দর পরিচালনা ও পণ্য পরিবহনের ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে।

তৃতীয় অগ্রাধিকারের মধ্যে রয়েছে হাইড্রোগ্রাফি কার্যক্রম সম্প্রসারণ এবং সামুদ্রিক প্লাস্টিক দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া। এর মাধ্যমে সামুদ্রিক সার্বভৌমত্বের সুরক্ষার পাশাপাশি বঙ্গোপসাগরের প্রতিবেশব্যবস্থা রক্ষায় গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

চতুর্থ অগ্রাধিকার হিসেবে সামুদ্রিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে নাবিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক মানের জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, সামুদ্রিক উৎকর্ষ শুধু নীতিমালা বা পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; এর প্রতিফলন থাকতে হবে প্রতিদিনের কার্যক্রমেও। এ জন্য বন্দর কর্তৃপক্ষ, জাহাজ মালিক, নাবিক, সামুদ্রিক পেশাজীবী এবং পরিবেশবিষয়ক সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তার মতে, বৈশ্বিক মানদণ্ড ও জাতীয় অগ্রাধিকারকে বাস্তব ফলাফলে রূপ দিতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। এর মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব।

বিশ্ব নৌ দিবসের বার্তায় প্রধানমন্ত্রী একটি শক্তিশালী নীল অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি দেশের সামুদ্রিক খাতকে আরও নিরাপদ, সবুজ ও সমৃদ্ধ করার জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন। তাঁর বক্তব্যে নীতি প্রণয়নের পাশাপাশি বাস্তবায়ন, প্রযুক্তির ব্যবহার, পরিবেশ সুরক্ষা, দক্ষ জনশক্তি এবং সামুদ্রিক সুশাসন—এই বিষয়গুলোকে বাংলাদেশের ভবিষ্যৎ সামুদ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category