• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:

সাইবার অপরাধ ঠেকাতে পুলিশের নতুন ইউনিট

newsline24 / ২৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সাইবার অপরাধ ঠেকাতে পুলিশের নতুন ইউনিট
সাইবার অপরাধ ঠেকাতে পুলিশের নতুন ইউনিট

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে একটি পৃথক ও বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সাইবার পুলিশ ইউনিট’ নামে প্রস্তাবিত এই ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি)। প্রাথমিক পর্যায়ে পুলিশের বিদ্যমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করেই ইউনিটটির কার্যক্রম শুরু করার নীতিগত অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় একটি বিশেষায়িত ও স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

চিঠি অনুযায়ী, নতুন ইউনিটটি আলাদা করে চালুর ক্ষেত্রে আপাতত নতুন জনবল বা সরঞ্জামের ওপর নির্ভর না করে পুলিশের বিদ্যমান সক্ষমতা কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে। একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে ইউনিটটির প্রাথমিক কার্যক্রম পরিচালিত হবে।

তবে সাইবার পুলিশ ইউনিটের পূর্ণাঙ্গ কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। ইউনিটে কতটি নতুন পদ সৃষ্টি করা হবে, কী ধরনের যানবাহন ও অন্যান্য লজিস্টিক সুবিধা প্রয়োজন হবে—এসব বিষয়ও এখনো নির্ধারণের পর্যায়ে রয়েছে। এ কারণে ইউনিটটির বিস্তারিত প্রস্তাব তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণসহ পূর্ণাঙ্গ সাংগঠনিক প্রস্তাব তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এরপর প্রস্তাব পর্যালোচনা করে ইউনিটটির কাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা চূড়ান্ত করার প্রক্রিয়া এগোবে।

বর্তমানে অনলাইনভিত্তিক প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক অপরাধসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এসব অপরাধের ধরনও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে দ্রুত বদলাচ্ছে। ফলে তদন্ত, ডিজিটাল তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয় করে অপরাধ মোকাবিলার প্রয়োজনীয়তা বাড়ছে।

নতুন সাইবার পুলিশ ইউনিট গঠনের উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় সাইবার অপরাধ মোকাবিলার জন্য একটি স্বতন্ত্র বিশেষায়িত ব্যবস্থা তৈরি হবে। তবে ইউনিটটি কীভাবে পরিচালিত হবে, এর দায়িত্ব ও এখতিয়ার কতটা বিস্তৃত হবে এবং ভবিষ্যতে কী পরিমাণ জনবল ও প্রযুক্তিগত সুবিধা যুক্ত করা হবে—এসব বিষয় পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো চূড়ান্ত হওয়ার পরই স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category