দেশে সাময়িকভাবে তৈরি হওয়া জ্বালানি সংকট শিগগিরই কেটে যাবে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, সামনে বড় কোনো দুর্ঘটনা না ঘটলে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে আর বড় ধরনের সমস্যা থাকবে না।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জ্বালানির বিকল্প উৎস খুঁজে বের করতে কিছুটা সময় লেগেছে। একপর্যায়ে জ্বালানি কেনার ব্যবস্থা করা হলেও দেশে আনার ক্ষেত্রে নতুন করে বাধা তৈরি হয়।
তিনি জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে আমদানি করা গ্যাস সময়মতো দেশে এনে সরবরাহ করা সম্ভব হয়নি। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটে এবং ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
জ্বালানি সরবরাহে এই বিঘ্নের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন জায়গাতেও দেখা গেছে। তবে সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, ‘এখন সঠিকভাবে জ্বানি আসছে।’ আমদানি করা জ্বালানি দেশে আনার পাশাপাশি সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে বলে জানান তিনি। ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন তিনি।
টুকুর ভাষ্য, জনগণের কষ্ট কমাতে সরকারকে বিকল্প উৎসের দিকে যেতে হয়েছে। প্রয়োজন মেটাতে বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে। জ্বালানি সরবরাহ সচল রাখতে সরকার এ ক্ষেত্রে বাড়তি ব্যয় করতেও পিছপা হয়নি।
তিনি বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। কিন্তু জ্বালানি সরবরাহে বাধা এবং একাধিক দুর্ঘটনার কারণে প্রত্যাশিত সময়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি। এখন আমদানির পথ তৈরি হয়েছে এবং সরবরাহ ব্যবস্থাপনাও নির্ধারিত শিডিউল অনুযায়ী এগোচ্ছে।
জ্বালানি সংকটের প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, পরিবহনসহ অর্থনীতির বিভিন্ন খাতে। বিশেষ করে গ্যাসের সরবরাহ কমে গেলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শিল্পকারখানাতেও উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সাধারণ গ্রাহকদেরও গ্যাসের চাপ কমে যাওয়াসহ নানা সমস্যায় পড়তে হয়।
এ অবস্থায় নতুন করে জ্বালানি আমদানি এবং সরবরাহের শিডিউল ঠিক হওয়ার বিষয়টিকে সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির পাশাপাশি দেশে আমদানি করা জ্বালানি গ্রহণ ও বিতরণ ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।
জ্বালানিমন্ত্রী আশা প্রকাশ করেন, সামনে আর কোনো দুর্ঘটনা বা বড় ধরনের সরবরাহ বিঘ্ন না ঘটলে খুব শিগগিরই বর্তমান সংকট কেটে যাবে। তখন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহও স্বাভাবিক গতিতে ফিরবে।