• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিক্ষার্থী ও চালকদের নিয়ে নোয়াখালীতে সড়ক নিরাপত্তা কর্মসূচি

newsline24 / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
শিক্ষার্থী ও চালকদের নিয়ে নোয়াখালীতে সড়ক নিরাপত্তা কর্মসূচি
শিক্ষার্থী ও চালকদের নিয়ে নোয়াখালীতে সড়ক নিরাপত্তা কর্মসূচি

সড়ক দুর্ঘটনা কমানো এবং সড়কে চলাচলকারী মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতে নোয়াখালীতে বছরব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সভা-সেমিনারের পাশাপাশি পেশাদার চালকদের জন্যও প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৩০ সেপ্টেম্বর) নোয়াখালী সদর উপজেলার রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসায় সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন। কর্মসূচিতে প্রায় ১২০ জন শিক্ষার্থীসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সেমিনারে সড়কে নিরাপদ চলাচলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী এবং মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন। এ সময় নিরাপদ সড়ক চাই নোয়াখালীর সহসভাপতি আবদুল ওয়াদুদ বাহার, জেলা প্রতিনিধি জিটিভিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক আলোচনায় ট্রাফিক সিগন্যাল মেনে চলা, পথচারীদের নিরাপদে সড়ক পারাপার, যাত্রীদের দায়িত্ব ও করণীয় এবং গণপরিবহনে চলাচলের সময় প্রয়োজনীয় সতর্কতার বিষয়গুলো তুলে ধরা হয়। শিক্ষার্থীদের সড়ক ব্যবহারের ক্ষেত্রে নিয়ম মেনে চলার পাশাপাশি অন্যদেরও নিরাপদ চলাচলে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

বিশেষ করে ব্যস্ত সড়ক পারাপারের সময় ট্রাফিক সংকেত ও নির্ধারিত পারাপারস্থল ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। গণপরিবহনে ওঠানামার সময় সতর্ক থাকা এবং চালকের মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে—এমন আচরণ থেকে বিরত থাকার বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুর রহমান। তিনি সড়কে চলাচলের সময় শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা তৈরির পাশাপাশি পেশাদার গাড়িচালকদের দক্ষতা বাড়াতেও কার্যক্রম চালাচ্ছে নোয়াখালী বিআরটিএ। একই দিন নোয়াখালী বিআরটিএ কার্যালয়ে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় চালকদের জন্য রিফ্রেশার্স প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে পেশাদার চালকদের সড়কে দায়িত্বশীল আচরণ, নিরাপদভাবে গাড়ি পরিচালনা এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী এবং নোয়াখালী সার্কেল-২-এর মোটরযান পরিদর্শক মো. জিয়াউর রহমান।

বিআরটিএ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা কমানো শুধু চালকদের দায়িত্ব নয়; পথচারী, যাত্রী, শিক্ষার্থীসহ সব ধরনের সড়ক ব্যবহারকারীর সচেতন ও নিয়ম মেনে চলাও গুরুত্বপূর্ণ। এ কারণে জনসচেতনতা তৈরির পাশাপাশি পেশাদার চালকদের প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, সড়ক ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তাবোধ বাড়ানো এবং দুর্ঘটনা প্রতিরোধে নোয়াখালীতে বছরজুড়ে সচেতনতামূলক সভা, সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। এতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে পেশাদার চালক—সড়কের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণির মানুষকে পর্যায়ক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category