শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করে দেশের ভবিষ্যৎ প্রজন্মের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। কোনো দেশকে পিছিয়ে দিতে হলে তার শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে দেওয়াই যথেষ্ট।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়া ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, অতীতের ১৭ থেকে ১৮ বছরের শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দেশের সামগ্রিক উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার মান নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বর্তমান সরকারের শিক্ষা খাতের অগ্রাধিকার তুলে ধরে জাতীয় সংসদের এই হুইপ বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। গত অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ে সর্বাধিক অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হলে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে।
পরীক্ষা ও ফলাফল মূল্যায়ন পদ্ধতি নিয়েও সমালোচনা করেন দুলু। তিনি বলেন, অতীতে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে পরীক্ষার খাতা সাদা রেখেও জিপিএ-৫ পাওয়ার মতো অভিযোগ উঠেছে। আবার সামান্য লিখেই গোল্ডেন জিপিএ-৫ কিংবা এ-প্লাস পাওয়ার প্রবণতা শিক্ষার প্রকৃত মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
তিনি মনে করেন, শিক্ষার্থীদের অর্জন মূল্যায়নের ক্ষেত্রে প্রকৃত জ্ঞান, দক্ষতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া জরুরি। শুধু ভালো ফলাফলের সংখ্যা বাড়লেই শিক্ষার মান উন্নত হয়েছে বলে ধরে নেওয়া যায় না। মূল্যায়নব্যবস্থায় দুর্বলতা থাকলে শিক্ষার্থীদের প্রকৃত সক্ষমতা নিরূপণ কঠিন হয়ে পড়ে এবং ভবিষ্যৎ জীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জনও বাধাগ্রস্ত হতে পারে।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমো, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।