বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার ব্যানারে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান থাকায় মানিকগঞ্জের সাটুরিয়ায় তিল্লী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দুপুরে তিল্লী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ওই ব্যানারটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
গ্রেপ্তার আবুল হাশেম ভূঁইয়ার বয়স ৪৮ বছর। তার বাড়ি পাশের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের আগ-কলিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইদ্রিস আলীও তার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সূত্র জানায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি তিল্লী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ের মাঠে ফিরে আসে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার সময় স্থানীয় কয়েকজন বাসিন্দার নজরে আসে, ব্যানারের এক পাশে ছোট আকারের একটি লোগো ও তার সঙ্গে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হলে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সাটুরিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ব্যানারটি জব্দ করার পাশাপাশি প্রধান শিক্ষক আবুল হাশেমকে আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশি হেফাজতে থাকায় প্রধান শিক্ষকের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোরহাব হোসেন বলেন, ঘটনাটি অনিচ্ছাকৃত ও অনভিপ্রেত ভুল। তার ভাষ্য, ব্যানারটি প্রধান শিক্ষক নিজেই তৈরি করে এনেছিলেন। ব্যানারের এক পাশে ছোট করে থাকা লোগো ও লেখাটি আগে কারও নজরে আসেনি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।