• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিতের আশ্বাস ববি হাজ্জাজের

newsline24 / ১১ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিতের আশ্বাস ববি হাজ্জাজের
শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিতের আশ্বাস ববি হাজ্জাজের

শিক্ষকদের পেশাগত মর্যাদা, যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ছাড়া দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আর এই ব্যবস্থার উন্নয়নে শিক্ষকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, দেশ ও জাতি গঠনে শিক্ষাব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের গুরুত্ব সবার আগে বিবেচনায় নেওয়া হচ্ছে। তাদের দক্ষভাবে গড়ে তোলা, কাজের যথাযথ মূল্যায়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ শুরু হয়েছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর দায়িত্ব সরকার নিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো কাজ করছে। শিক্ষকদের পেশাগত অবস্থান আরও সুসংহত করার পাশাপাশি তাদের প্রাপ্য মর্যাদা ও সুবিধা নিশ্চিত করাও এ উদ্যোগের অংশ।

তিনি জানান, দেশের প্রাথমিক শিক্ষা পরিবারে সাড়ে ছয় লাখের বেশি শিক্ষক রয়েছেন। এর বাইরে বেসরকারি প্রতিষ্ঠানেও কয়েক লাখ শিক্ষক প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত। এত বিপুলসংখ্যক শিক্ষককে শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে তাদের অবস্থান, মর্যাদা, বেতন কাঠামো ও সামাজিক সম্মানসহ সংশ্লিষ্ট বিষয়গুলো সঠিক জায়গায় নেওয়ার জন্য কাজ করতে হবে।

শিক্ষকদের পেশাগত নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিজের শিক্ষকতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি নিজেও ১৭ বছর শিক্ষকতা করেছেন। ফলে শিক্ষকতা পেশার সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। শিক্ষকদের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজন তিনি কাছ থেকে উপলব্ধি করেন বলেও বক্তব্যে ইঙ্গিত দেন।

বিশ্ব শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category