• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

রাশেদ খাঁন: শত ডিসেম্বর গেলেও ফিরবেন না শেখ হাসিনা

newsline24 / ১২ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
রাশেদ খাঁন শত ডিসেম্বর গেলেও ফিরবেন না শেখ হাসিনা
রাশেদ খাঁন শত ডিসেম্বর গেলেও ফিরবেন না শেখ হাসিনা

জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে—এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে এবং শত শত ডিসেম্বর পার হলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।

আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে রাশেদ খাঁন বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি রয়েছে। জাতিসংঘের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। এ কারণে দলটির দেশে ফিরে আসার আর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য চেষ্টা চালাচ্ছেন। তার দাবি, তাকে দেশে ফেরানোর ক্ষেত্রে জামায়াতে ইসলামী সহযোগিতা করছে। তবে তিনি মনে করেন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা আর নেই।

জ্বালানি সংকট নিয়ে লংমার্চের সমালোচনা

জ্বালানি সংকটকে কেন্দ্র করে জামায়াত ও ১১ দলীয় জোটের লংমার্চেরও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, জ্বালানি সংকট একটি জাতীয় সংকট। এই সংকটকে রাজনৈতিক কর্মসূচির জন্য ব্যবহার না করে সরকারকে সহযোগিতা করা উচিত।

তার ভাষ্য, আন্দোলন, লংমার্চ কিংবা রাষ্ট্রকে অশান্ত করার মতো পরিস্থিতি তৈরি হলে তার সুযোগ নিতে পারে আওয়ামী লীগ। তিনি দাবি করেন, শেখ হাসিনা অপেক্ষা করছেন কখন রাষ্ট্রে অস্থিরতা তৈরি হবে এবং জামায়াতের কর্মকাণ্ডের ওপর আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নির্ভর করছে।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে অতীতের মতো আবারও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আবরার ফাহাদকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল, একইভাবে সাধারণ মানুষও হত্যার শিকার হতে পারেন।

‘৯৬-এর মতো আন্দোলন’ নিয়ে সতর্কবার্তা

জামায়াতে ইসলামী যদি আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে ১৯৯৬ সালের মতো আন্দোলনে নামে, তাহলে জনগণ জামায়াতের বিরুদ্ধেও আন্দোলনে নামবে বলে সতর্ক করেন রাশেদ খাঁন।

তিনি বলেন, যে সংগঠনের বিরুদ্ধে আবরার ফাহাদ হত্যার অভিযোগ রয়েছে, সেই দলকে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় প্রতিষ্ঠার সুযোগ দেওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি জানান, আধিপত্যবাদবিরোধী রাজনীতি এবং আবরার ফাহাদের আদর্শে বিশ্বাসীরা রাজপথে থেকে আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ মোকাবিলা করবেন।

ভারত প্রসঙ্গেও বক্তব্য

আবরার ফাহাদের চেতনার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিষয়টিও যুক্ত করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ভারত যদি শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের আসামিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট না করে, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তনের কথা বলেন তিনি। তার ভাষায়, অতীতের ‘রাখী বন্ধন’ ছিন্ন করে দুই দেশের মধ্যে সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চলছে।

রাশেদ খাঁন আরও বলেন, বিএনপি সরকার আবরার ফাহাদের চেতনা বাস্তবায়নে কাজ করছে। এর অংশ হিসেবে কুষ্টিয়ার শহীদ আবরার স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন স্থাপনা ও বিশ্ববিদ্যালয়ে তার নামে বিভিন্ন স্থাপনা বা হলের নামকরণ করা হয়েছে। বাংলাদেশের মাটিতেই আবরার ফাহাদ হত্যার বিচার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলের একটি কক্ষে পিটিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সহিংসতা ও ছাত্ররাজনীতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল।

শনিবারের কর্মসূচিতে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার এবং কুমারখালী থানার ওসি জামাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category