• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

মেঘনায় গোসলে নেমে নিখোঁজ তিন স্কুলশিক্ষার্থী

newsline24 / ১১ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ তিন স্কুলশিক্ষার্থী
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ তিন স্কুলশিক্ষার্থী

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে পিরোজপুরের ভাটি বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের পর প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। শিক্ষার্থীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নামে চার সহপাঠী। তাদের মধ্যে একজন পানি থেকে উঠে আসতে সক্ষম হলেও বাকি তিনজন নদীতে তলিয়ে যায়।

নিখোঁজ তিন শিক্ষার্থী হলো—সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলীমের ছেলে আবির (১৪)। আরিফিন ও আশিকিন মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আবির একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রোববার সকালে তিন শিক্ষার্থী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তবে তারা বিদ্যালয়ে না গিয়ে একই এলাকার আরও এক সহপাঠী আদিয়ান ফারিজসহ চারজন মেঘনা নদীর ভাটি বন্দর এলাকায় যায়। সেখানে তারা গোসলের জন্য নদীতে নামে।

নদীতে নামার কিছুক্ষণ পর আদিয়ান ফারিজ পানি থেকে উঠে আসে। কিন্তু আরিফিন, আশিকিন ও আবির পানিতে তলিয়ে যায়। এরপর স্থানীয়রা তাদের খোঁজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, শিক্ষার্থীদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরি বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন এবং নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চলছে।

ঘটনার পর নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। নদীতে উদ্ধার অভিযান চললেও এখন পর্যন্ত তিন শিক্ষার্থীর অবস্থান নিশ্চিত করা যায়নি। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category