রংপুরের পীরগাছায় পারিবারিক কলহের জেরে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে হাসানুর রহমানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত মাহবুর রহমান উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের উত্তর তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হাসানুর রহমানের সঙ্গে তার মা হাসনা বেগমের মনোমালিন্য চলছিল। ঘটনার দিনও মা-ছেলের মধ্যে এ নিয়ে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে হাসানুর অভিমান করে থাকলে পরিবারের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
পুলিশ জানায়, হাসানুর ও তার মা হাসনা বেগমকে একসঙ্গে বসে খাবার খাওয়ার জন্য তার শাশুড়ি মর্জিনা বেগম হাত ধরে অনুরোধ করেন। এ সময় হাসানুর ক্ষিপ্ত হয়ে মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন এবং একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।
ঘটনাটি দেখে প্রতিবাদ করেন হাসানুরের বাবা মাহবুর রহমান। এ সময় তিনি হাতের কাছে থাকা বাঁশের খড়ি দিয়ে ছেলেকে আঘাত করেন এবং থাপ্পড় দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এতে আরও ক্ষিপ্ত হয়ে হাসানুর ফল কাটার একটি ধারালো ছুরি দিয়ে তার বাবার ডান কাঁধে সজোরে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। ছুরিকাঘাতে মাহবুর রহমান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মাহবুর রহমানের মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর পীরগাছা থানায় ছেলে হাসানুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলা হওয়ার পর থেকে হাসানুর রহমান আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। মামলা দায়েরের পর অভিযুক্ত আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তার হাসানুর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষে আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।
পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অন্যান্য আলামত সংগ্রহ এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিও তদন্তের আওতায় রয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আরও কোনো তথ্য পাওয়া গেলে তা স্পষ্ট হবে।