• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ব্যালন ডি’অর দৌড়ে এমবাপ্পেকে টক্কর ইয়ামালের

newsline24 / ১৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্যালন ডি’অর দৌড়ে এমবাপ্পেকে টক্কর ইয়ামালের
ব্যালন ডি’অর দৌড়ে এমবাপ্পেকে টক্কর ইয়ামালের

ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। গত মৌসুমে নিজের পারফরম্যান্স ও জেতা শিরোপার হিসাব সামনে রেখে ফরাসি তারকার সঙ্গে নিজেকেও বিশ্বের সেরা দুই ফুটবলারের একজন হিসেবে দাবি করেছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

মুভিস্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, তাঁর বিবেচনায় এবারের ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপ্পে ও তিনিই সবচেয়ে এগিয়ে। তবে পুরস্কারটি পাওয়ার ক্ষেত্রে নিজের দাবিকেই বেশি জোরালো মনে করছেন তিনি।

ইয়ামালের ভাষায়, এমবাপ্পের সঙ্গে তিনিও বর্তমানে বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের একজন। আর গত মৌসুমে দলীয় সাফল্য ও ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনা করলে ব্যালন ডি’অর তাঁরই প্রাপ্য বলে মনে করেন বার্সেলোনার এই তরুণ।

গত মৌসুমে বার্সেলোনার জার্সিতে দারুণ ধারাবাহিক ছিলেন ইয়ামাল। ক্লাবটির হয়ে ৪৫ ম্যাচে তিনি করেন ২৪ গোল, সঙ্গে ছিল ১৭টি অ্যাসিস্ট। তাঁর পারফরম্যান্সে বার্সেলোনা লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ইয়ামালের গতি, ড্রিবলিং ও গোলের সুযোগ তৈরির দক্ষতা দলটির আক্রমণভাগকে বাড়তি শক্তি দেয়।

জাতীয় দলের হয়েও আলো ছড়িয়েছেন তিনি। স্পেনের হয়ে ১২ ম্যাচে একটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। আন্তর্জাতিক পর্যায়েও দলের সাফল্যে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

তবে ব্যালন ডি’অরের দৌড় যে শুধু ইয়ামাল ও এমবাপ্পের মধ্যেই সীমাবদ্ধ, তা নয়। আলোচনায় জোরালোভাবে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনও। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল এবং আটটি অ্যাসিস্ট করেছেন তিনি। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কেইন।

ফলে ব্যক্তিগত পরিসংখ্যান, দলীয় শিরোপা এবং আন্তর্জাতিক পারফরম্যান্স—সব মিলিয়ে এবারের ব্যালন ডি’অর লড়াইয়ে একাধিক তারকার শক্ত অবস্থান তৈরি হয়েছে। ইয়ামালের আত্মবিশ্বাসী মন্তব্য সেই প্রতিদ্বন্দ্বিতাকে আরও আলোচনায় এনেছে।

এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর লন্ডনে। পুরস্কারটির ৭০ বছর পূর্তি উপলক্ষে এবার প্যারিসের বাইরে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালের পর থেকে নিয়মিত প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে ব্যালন ডি’অর অনুষ্ঠান হয়ে আসছিল। এবার ভেন্যু পরিবর্তনের মধ্য দিয়ে পুরস্কারটির আয়োজনেও আসছে ভিন্নতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category