রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘বেহেস্তের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে।’ তিনি দাবি করেন, একটি পক্ষ ডিসেম্বরে তাদের ‘রানীমা’ দেশে আসার কথা বলছে, আর অন্য একটি পক্ষ ডিসেম্বরে সরকারের পতন ঘটানোর কথা বলছে। এসব বক্তব্যকে তিনি ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশের জ্বালানি সক্ষমতা বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, আগের সরকার নতুন কোনো গ্যাসকূপ খনন না করায় দেশকে বিদেশি জ্বালানির ওপর নির্ভর করতে হয়েছে। বঙ্গোপসাগরে বিদেশি কোম্পানির সঙ্গে সমঝোতার ভিত্তিতে দ্রুত গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এর মাধ্যমে দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।
জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে সরকারি বিভিন্ন ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন বকুল। তার বক্তব্য, বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে দেশের সক্ষমতা বাড়িয়ে অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।
স্বাস্থ্য খাত নিয়েও বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে আগামী মাস থেকে ব্যাপক হারে পরিবার পরিকল্পনার পিলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ শুরু করা হবে। একই সঙ্গে স্বাভাবিক প্রসবের হার বাড়াতে নতুন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মায়েদের অপ্রয়োজনীয় অস্ত্রোপচার এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের দালালের প্ররোচনায় পড়ে প্রসূতিদের সিজারিয়ান অপারেশনের দিকে নেওয়া উচিত নয়। স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় শিশুদের টিকাদান কর্মসূচি নিয়েও কথা বলেন বকুল। তিনি জানান, শনিবার থেকে আবার হাম বা মিজলসের টিকাদান কার্যক্রম শুরু হবে। যেসব শিশু এখনো টিকা নেয়নি, তাদের দ্রুত টিকাদানের আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
অনুষ্ঠান শেষে মন্ত্রী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এর আগে সকালে কাচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়া এলাকায় পল্লী বিদ্যুতের একটি অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেন তিনি।
সরদার সাখাওয়াত হোসেন বকুল চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর দায়িত্ব নেন। তিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য। সাম্প্রতিক সময়েও মনোহরদীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্যসেবা, স্থানীয় উন্নয়ন ও সরকারি কার্যক্রম নিয়ে বক্তব্য দিয়েছেন তিনি।