ডেঙ্গু প্রতিরোধে শুধু দিনের বেলায় নয়, রাতেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার ও ঢাকা বিভাগের স্থানীয় সরকার পরিচালক মো. আজমুল হক। ডেঙ্গু মশার আচরণ বোঝাতে গিয়ে তিনি মশাটিকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে বলেন, এখন এই মশা দিনে যেমন কামড়ায়, রাতেও কামড়ায়।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির মশক নিধন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আজমুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিকভাবে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিতে হবে। বাড়িঘর, অফিস-আদালত এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
অনুষ্ঠানে ডেঙ্গু মশার বিস্তারের ধরন নিয়েও সতর্ক করা হয়। আজমুল হক জানান, শুধু পরিষ্কার পানিতে নয়, ময়লা পানিতেও ডেঙ্গু মশার উপস্থিতি দেখা যাচ্ছে। ফলে নির্দিষ্ট কোনো ধরনের পানিকে ঝুঁকিমুক্ত ধরে নেওয়ার সুযোগ নেই। বাড়ির ভেতর ও বাইরে সম্ভাব্য মশার প্রজননস্থল নিয়মিত পরীক্ষা করার ওপর গুরুত্ব দেন তিনি।
গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজমুল হক। পরে বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার জঙ্গল ও আবর্জনা পরিষ্কারের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি।
এ সময় জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান বলেন, ডেঙ্গু মশা এখন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এই মশা দিনে ও রাতে কামড়াতে পারে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, নিজ নিজ অফিস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; একই সঙ্গে মানুষের সচেতনতা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে হবে।
তিন মাসব্যাপী এই বিশেষ কর্মসূচির আওতায় মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু প্রতিরোধে শুধু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে আগে থেকেই মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিষ্কার রাখা বেশি গুরুত্বপূর্ণ।
ডেঙ্গুর ঝুঁকি কমাতে তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ড্রেন, পরিত্যক্ত পাত্র, টবসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে কর্মস্থল ও জনসমাগমস্থলেও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।