বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’-এর ১৮তম সংস্করণে তাঁকে ‘রাজনৈতিক ব্যক্তিত্ব’ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর নেতৃত্ব, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই স্বীকৃতি এসেছে।
এবারের তালিকায় তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের দুই বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানার নামও রয়েছে। তাঁদের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার নি
প্রকাশনাটিতে তারেক রহমানের রাজনৈতিক জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। বিশেষ করে দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে প্রত্যাবর্তন, বিএনপির নেতৃত্ব গ্রহণ এবং জাতীয় নির্বাচনে দলকে বিজয়ের পথে পরিচালিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩০০টি সরাসরি নির্বাচিত আসনের মধ্যে ২১০টি আসনে জয়লাভ করে। এর মধ্য দিয়ে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
প্রকাশনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পটভূমিও তুলে ধরা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। ওই সরকারের সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, রাজনৈতিক কাঠামোর পরিবর্তন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এসব পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৬ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
তারেক রহমানের পাশাপাশি তালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন দীর্ঘদিন ধরে মানবাধিকার, নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছেন। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। অন্যদিকে রাজিয়া সুলতানা একজন আইনজীবী ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা শরণার্থীদের অধিকার, বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় তাঁর কাজ আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পেয়েছে। দুজনকেই ‘সামাজিক বিষয়াবলি’ (সোশ্যাল ইস্যুজ) বিভাগে রাখা হয়েছে।
‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশনার তালিকা তৈরিতে শুধু রাজনৈতিক পদমর্যাদা বিবেচনা করা হয় না। বিশ্বজুড়ে মুসলিম জনগোষ্ঠীর ওপর ব্যক্তির রাজনৈতিক, ধর্মীয়, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাবসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হয়। তালিকার প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো অবস্থান না দিয়ে ১৩টি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। ফলে তালিকায় নাম থাকা মানেই নির্দিষ্ট কোনো ক্রমে অবস্থান করা নয়।
উল্লেখ্য, এর আগের ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের প্রভাবশালী ৫০ মুসলিম ব্যক্তিত্বের মধ্যে ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তাঁর নাম নেই। অন্যদিকে এবারের তালিকায় বাংলাদেশের তিনজনের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক পরিসরে দেশের রাজনৈতিক নেতৃত্ব, মানবাধিকার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিচিতি তুলে ধরেছে।