ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, নতুন চুক্তির ক্ষেত্রে জিয়াউর রহমানের অনুসৃত পথকে গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলোয় মহানন্দা নদী এলাকায় নোঙর বাংলাদেশের ‘নোঙর রিভার ক্যাম্প’ কার্যক্রমের উদ্বোধন ও নদী এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আন্তঃসীমান্ত নদীর পানির হিস্যা প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ফারাক্কা চুক্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে মে মাসেও তিনি জানিয়েছিলেন, বিদ্যমান ফারাক্কা চুক্তির মেয়াদ ১১ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে এবং ১৯৭৭ সালের চুক্তির আলোকে নতুন করে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।
দেশের অভ্যন্তরে নদী, খাল ও জলাশয় উদ্ধারের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নদী ও খাল উদ্ধারে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না। খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল কিংবা জলাশয় যাতে আবার দখল না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
এর আগে মহানন্দা নদীর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শন শেষে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন তিনি। পরে তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান ও নাসির খান মিন্টুসহ জেলা-উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।