• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

পূবাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

newsline24 / ৯ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
পূবাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
পূবাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের পূবাইল থানার ডেমরপাড়া এলাকায় নিজ ঘর থেকে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পরিবার। সোমবার (৩১ আগস্ট) রাতে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাপ্তি মল্লিক পূজা ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না।

পরিবারের সদস্যরা জানান, গত ২৫ আগস্ট ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা। সোমবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যান। পরে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে গোসল শেষে নিজের কক্ষে চলে যান।

রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। একপর্যায়ে বিষয়টি নিয়ে তাদের সন্দেহ হয়। পরে তার ভাই পাশের কক্ষের সিলিং দিয়ে ওই কক্ষে প্রবেশ করে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পূবাইল থানার পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, পরিবারের পক্ষ থেকে পারিবারিক হতাশার কথা জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে ওই তরুণীর মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পড়াশোনার পাশাপাশি পূজার পারিবারিক জীবনও চলছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা কারও সংশ্লিষ্টতা ছিল কি না, সে বিষয়ে পুলিশ এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category