বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ও গুরুতর আহত সামরিক সদস্যদের ৭০টি পরিবারকে ঢাকার মিরপুরে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। মিরপুরে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনের এসব ফ্ল্যাটের বরাদ্দপত্র মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
ঢাকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে বরাদ্দপত্র তুলে দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সরকারের অনুমোদনের পর মিরপুরে দুটি ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ৭০টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ও গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের জন্য।
এই ৭০টি ফ্ল্যাটের মধ্যে বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন অভিযানিক ও অনাভিযানিক কার্যক্রমে নিহত এবং গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবার রয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে স্বজন হারানো ও গুরুতর আহত সদস্যদের পরিবারকে আবাসন সুবিধা দেওয়ার অংশ হিসেবে এসব ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে।
অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ও গুরুতর আহত সামরিক সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
ফ্ল্যাটের বরাদ্দপত্র গ্রহণকারী পরিবারের সদস্যদের পাশাপাশি অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিরপুরে নির্মিত দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে নিহত ও গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের জন্য ৭০টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।