নগর জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’-এর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে পৃথক দুটি নতুন প্রকল্প নেওয়ার জন্য বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের প্রতি উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা নিয়ে আয়োজিত বৈঠকে সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ক্রিস্টোফ লেমিয়ের। এতে স্থানীয় সরকার বিভাগ এবং প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের (পিএমইউ) পরামর্শকেরাও অংশ নেন।
সভায় বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’-এর সার্বিক বাস্তবায়ন পরিস্থিতি, লক্ষ্য ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রকল্পটির অন্যতম লক্ষ্য নগর এলাকায় জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে এমন বিভিন্ন ঝুঁকি কমানো। এর আওতায় মশা ও অন্যান্য বাহকবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনার পাশাপাশি হাসপাতাল-বহির্ভূত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শহরাঞ্চলে দাবদাহ, বায়ুদূষণ ও শব্দদূষণসহ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট জনস্বাস্থ্যঝুঁকি মোকাবিলাও প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ।
এ ছাড়া আচরণগত পরিবর্তনমূলক যোগাযোগ কৌশলের মাধ্যমে নাগরিকদের মধ্যে জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ রয়েছে। অসংক্রামক রোগ কমাতে প্রয়োজনীয় সুবিধা ও সহায়ক ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও প্রকল্পের আওতাভুক্ত।
প্রকল্পটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হচ্ছে। এর সঙ্গে ঢাকা সংলগ্ন সাভার ও তারাব পৌরসভাও প্রকল্পের আওতায় রয়েছে। ফলে রাজধানী ও এর আশপাশের ঘনবসতিপূর্ণ নগর এলাকায় জনস্বাস্থ্য ব্যবস্থাপনা জোরদারে প্রকল্পটির গুরুত্ব রয়েছে।
বৈঠকে প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। নির্ধারিত কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
মীর শাহে আলম বিশেষ করে নগরের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য পৃথক দুটি নতুন মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের উদ্যোগ কামনা করেন তিনি।
বৈঠকে মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।